সিভিল সার্জন যা বলেন
এসব বিষয়ে সিভিল সার্জন কে এম আশরাফুজ্জামান বলেন, পাবনা জেনারেল হাসপাতালসহ জেলার সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার এই অবনতি একদিনে হয়নি। মাত্র তিন সপ্তাহ আগে আমি পাবনায় এসেছি। এখানে যে সমস্যা আছে, তা এত দ্রুত সমাধান সম্ভব নয়। তবে আমি পাবনায় যোগ দেওয়ার পর থেকেই সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার অনেক পরিবর্তন এনেছি। চিকিৎসক সংকটসহ জেনারেল হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক এবং হাসপাতালের সব সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।চিকিৎসকদের দায়িত্বে অবহেলা সম্পর্কে তিনি বলেন, রোগীর সেবা তাঁদের নৈতিক দায়িত্ব। নিজের বিবেককে ঠকিয়ে কেউ যদি কাজ করে, তাহলে কিছু করার থাকে না। তবে আমি যোগ দেওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসকদের অফিস সময় কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান সম্পর্কে তিনি বলেন, ক্লিনিকগুলোর মানের বিষয়ে আমি নিজেও শঙ্কিত। তবে শিগগিরই একটি বিশেষ টিম করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতাল এলাকায় মাইক্রোবাসস্ট্যান্ড বিষয়ে তিনি বলেন, আমি যোগ দেওয়ার পর বিষয়টি গুরত্ব দিয়ে দেখেছি। এখন আগের তুলনায় মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল হাসপাতালের ভেতরে কম পার্কিং হচ্ছে। হাসপাতালের নিজস্ব কোনো প্রতিরক্ষা ফোর্স না থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হয়েছে। ভবিষ্যতে হাসপাতাল এলাকায় এমন থাকবে না বলে আশা করা হচ্ছে।অবৈধ ডেন্টাল ক্লিনিক বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সম্প্র্রতি এক চিঠিতে জানিয়েছে, যেসব ডেন্টাল ক্লিনিক রোগী ভর্তি করে বা যাদের বেড আছে, তাদের অনুমোদন থাকতে হবে। এ ক্ষেত্রে পাবনায় যেসব ডেন্টাল ক্লিনিক রয়েছে, তাদের কোনটারই বেড সুবিধা নেই। তাই এদের বিরুদ্ধে এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।হাসপাতাল ভবনের ভেতরের ওষুধের দোকান বিষয়ে তিনি বলেন, এমন একটি স্থানে ব্যক্তি মালিকানাধীন ওষুধের দোকান প্রতিষ্ঠার কোনো আইনগত বৈধতা নেই। আগের কর্মকর্তারা এটি করে গেছেন। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।