সিভিল সার্জন যা বলেন...
পটুয়াখালীর সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান বলেন, ‘জেলায় চিকিৎসকসহ জনবলসংকট প্রকট। এ কারণে জেলাবাসীকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা দেওয়া খুবই কষ্টসাধ্য। তবুও আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। মির্জাগঞ্জ ও বাউফলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা না থাকায় ওই দুটি উপজেলায় প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগসহ জনবলসংকট নিরসন হলে এ সমস্যা থাকবে না। এ ব্যাপারে সব মহলের সহযোগিতা প্রয়োজন।’ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকের (ভারপ্রাপ্ত) বক্তব্য: পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মু. জসিম উদ্দিন জানান, মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উপজেলা পর্যায়ে চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। পরিবারকল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকের ৫৬টি পদ শূন্য থাকায় মাঠপর্যায়ে চিকিৎসাসেবা অনেকটা ব্যাহত হচ্ছে। চিকিৎসক না থাকায় প্রতিটি উপজেলায় পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প সংগঠনের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে শূন্য পদগুলো পূরণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।