সিভিল সার্জনকে হত্যার হুমকি দিয়ে কার্যাদেশে সই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ছাত্রলীগের সাবেক এক নেতা সিভিল সার্জনকে হত্যার হুমকি দিয়ে সদর হাসপাতালে পথ্য সরবরাহের কার্যাদেশে সই নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা আওয়ামী লীগের নেতা এক ঠিকাদারের জন্য ছাত্রলীগের নেতা এই সই নেন। নিরাপত্তা চেয়ে সিভিল সার্জন গতকাল বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সদর হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালের রোগীদের পথ্য সরবরাহের জন্য গত ২ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। এতে পাঁচজন ঠিকাদার অংশ নেন। তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দর প্রস্তাব করেন ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা।জানা যায়, খাদ্য সরবরাহকারী নির্বাচনের জন্য ৬ অক্টোবর দরপত্র কমিটি সিভিল সার্জনের কার্যালয়ে সভা করে। সিভিল সার্জন অভিযোগ করেন, সভা চলাকালে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নাটোর জেলা কমিটির সভাপতি আবদুল গণি ঠিকাদার চিত্তরঞ্জন সাহাকে কাজ দেওয়ার জন্য তাঁর (সিভিল সার্জন) ওপর চাপ প্রয়োগ করেন। তবে কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাতে রাজি হননি। তিনি বাজার অনুসন্ধান কর্মকর্তার দেওয়া মূল্য বিবেচনায় নিয়ে রকিবুল ইসলাম নামের এক ঠিকাদারকে খাদ্য সরবরাহের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেন।সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত সোমবার বেলা ১১টায় সিভিল সার্জন তাঁর কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক গাজী সামছুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইলেন্স মেডিকেল অফিসার (এসএমও) আসাদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তারুল ইসলাম কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে সেখানে যান। তাঁরা সিভিল সার্জনের কক্ষ থেকে ওই কর্মকর্তাদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা এই কার্যালয়ের টেলিফোনসেট ফেলে দেন এবং সিভিল সার্জনকে মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করেন। এ সময় চিকিৎসক আবদুল গণি এসে কাউন্সিলর মোস্তারুলের পক্ষ নিয়ে খাদ্য সরবরাহের কাজ তাঁদের দেওয়ার জন্য চাপ দেন। সিভিল সার্জন রাজি না হলে আবদুল গণি টেবিল চাপড়ে হুংকার দিতে থাকেন। একপর্যায়ে কাউন্সিলর মোস্তারুল কাজ না দিলে সিভিল সার্জনকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে সিভিল সার্জন সরবরাহকারী নির্ধারণের জন্য তৈরি করা লিখিত বিবরণীতে (রেজুলেশনে) সই করেন। তাঁরা ২৭ লাখ টাকার খাদ্য সরবরাহের ওই কাজের অনুমতিপত্রেও স্বাক্ষর করিয়ে নেন।এ ব্যাপারে কাউন্সিলর মোস্তারুল ইসলাম বলেন, ‘চিত্তরঞ্জন সাহাসহ তিনজনের নামে আমি দরপত্র দাখিল করেছিলাম। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি তাঁদের একজনের পাওয়ার কথা। কিন্তু দরপত্র কমিটি দীর্ঘদিন বিলম্ব করেও কাজ দিচ্ছিল না। তাই সেদিন আমি সিভিল সার্জনকে শুধু বাড়াবাড়ি না করার কথা বলেছি। আমি জোর করে কাজ নিইনি। তাঁকে হত্যার হুমকিও দিইনি।’চিত্তরঞ্জন সাহা বলেন, ‘আমি নিজে দরপত্র দাখিল করেছিলাম। কাজ পাওয়ার জন্য কখনোই সিভিল সার্জনের কার্যালয়ে যাইনি বা কাজ পাইয়ে দেওয়ার জন্য কাউকে নিয়োজিত করিনি।’ তিনি বলেন, ‘আমি জোর করে কাজ করতে চাই না। কেউ আমার হয়ে সিভিল সার্জনকে হুমকি দিয়েছে কি না, তা আমার জানা নেই। নিয়মানুযায়ী কাজ পেলে করব।’দরপত্র কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, ‘ঠিকাদারদের সার্বিক বিষয় পর্যালোচনা করে রকিবুল ইসলাম নামের একজন ঠিকাদারকে খাদ্য সরবরাহের জন্য মনোনীত করি। যদিও আবদুল গণি তাতে ভীষণ রাগারাগি করেছেন। পরের ঘটনার সময় (১১ অক্টোবর) আমি ছিলাম না। শুনেছি সিভিল সার্জনকে হুমকি দিয়ে স্বাক্ষর করিয়ে কার্যাদেশ নিয়েছে।’আবদুল গণি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই কমিটির সদস্য হিসেবে শুধু সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার জন্য সুপারিশ করেছি। খারাপ আচরণ করিনি।’সিভিল সার্জন আবদুল বাতেন বলেন, ‘চিকিৎসক আবদুল গণি সন্ত্রাসীদের দিয়ে আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কার্যাদেশ দিতে বাধ্য করেছেন। আমি চরমভাবে অপমানিত বোধ করছি। এখানে আমার চাকরি করা হবে না। আমি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় জিডি করেছি।’ কার্যাদেশ বাতিল করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওই কাজের রেজুলেশনে এখনো জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিরা সই করেননি। তাই সেটা বাতিলের সুযোগ রয়েছে।