সিভিল সার্ভিস আইন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আপত্তির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সিভিল সার্ভিস আইন প্রণয়ন। চার মাস আগে প্রস্তাবিত আইনের খসড়া প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তারপর আর কোনো অগ্রগতি নেই।জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্ভিস আইন সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এ নিয়ে সুশীল সমাজ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে আরও আলোচনার প্রয়োজন আছে। সেটা করা হবে।’বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডারের সদস্য ও রাজস্ব খাতের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের কর্মকর্তাদের নিয়ে সিভিল সার্ভিস। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সার্ভিসের জন্য এখন পর্যন্ত দেশে কোনো আইন নেই। সরকারের জারি করা প্রজ্ঞাপন ও আদেশ-নির্দেশের মাধ্যমে এই সার্ভিস পরিচালিত হয়ে এসেছে। ফলে কাজকর্মে অনেক জটিলতা ও সমন্বয়হীনতা সৃষ্টি হচ্ছে।বর্তমান সরকার এই সার্ভিসের জন্য একটি আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেয়। সে অনুযায়ী আইনের খসড়া তৈরি করে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওই মতামত সমন্বিত করে খসড়াটি তৈরি করা হয়েছে। তবে সরকার চাইছে, বিষয়টি নিয়ে আরও আলোচনা হোক।কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনের খসড়ায় পরীক্ষার মাধ্যমে পদোন্নতির বিধান রাখাসহ কয়েকটি বিষয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। তাঁরা এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। ২৬টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সমন্বয় কমিটিও কিছু বিষয়ে আপত্তি জানায়। সমন্বয় কমিটির বক্তব্য, উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোকে পুলপদ বা জ্যেষ্ঠ ব্যবস্থাপকের পদ হিসেবে আলাদা অবস্থানে রেখে সব ক্যাডারের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসব পদে দক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে হবে। কিন্তু জনপ্রশাসনের অধিকাংশ কর্মকর্তা এটি মানতে নারাজ।আইনের খসড়া অনুযায়ী, পদোন্নতির জন্য কর্মকর্তাদের নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে পরিচালিত হবে। তবে সরকার প্রয়োজন মনে করলে পদোন্নতির পরীক্ষা নেওয়ার জন্য অন্য কোনো প্রতিষ্ঠানকেও দায়িত্ব দিতে পারে (আউটসোর্সিং)। পরীক্ষায় কেউ পরপর তিনবার অকৃতকার্য হলে তিনি স্বেচ্ছা অবসরে যেতে পারবেন। চতুর্থবার অকৃতকার্য হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অবসর দিতে পারবে।বর্তমানে কেবল সহকারী কমিশনার থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হয়। অন্যান্য পদে অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হয়।বিসিএস সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড সব ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমেই হয়ে থাকে। যেহেতু উন্নয়নের নীতিনির্ধারণী কাজগুলো হয় সচিবালয় থেকে, সে জন্য তাঁরা চান সব ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে উপসচিব থেকে ওপরের পদগুলো উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে পূরণ করা হোক।সমন্বয় কমিটি সিভিল সার্ভিসের বর্তমান নয়টি স্তরও কমিয়ে ছয়টি করতে চায়। তাঁরা মনে করেন, এতে জনপ্রশাসনে কর্মকর্তাদের বেতনসহ আন্তক্যাডার বৈষম্য কমবে। জনপ্রশাসনে গতিশীলতা আসবে। এ ছাড়া অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব করেছেন তাঁরা। খসড়ার নিয়োগ পদ্ধতি নিয়েও আপত্তি উঠেছে। সেখানে সরাসরি নিয়োগের জন্য প্রার্থী বাছাই পরীক্ষা পিএসসির মাধ্যমে নেওয়ার কথা বলা হলেও পিএসসি শুধু কারিগরি ও বিশেষায়িত পদে নিয়োগের জন্য সুপারিশ করবে। অন্যান্য পদের সুপারিশকৃত প্রার্থীদের সরকারের নির্ধারিত মেয়াদে বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে সরকারের করা ‘সিলেকশন বোর্ড’ নিয়োগ পরীক্ষার ফল ও প্রশিক্ষণের ফল সমন্বয় করে প্রার্থীদের পছন্দের ক্রমানুসারে নিয়োগের জন্য সুপারিশ করবে।সিংহভাগ ক্যাডারের কর্মকর্তারা এই পদ্ধতির ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁদের মতে, এর ফলে নিয়োগে স্বজনপ্রীতি ও রাজনীতিকরণ আরও বেশি হবে। জনপ্রশাসনের কর্মকর্তারা মনে করেন, খসড়াটি দুর্বল হয়েছে। তাতে বেআইনি প্রভাবের ঊর্ধ্বে উঠে কাজ করার মতো কোনো কথা নেই। বাধ্যতামূলক অবসর প্রদান আইন বাতিলের বিষয়েও স্পষ্ট কিছু নেই।এসব কারণে সরকার আইনটি প্রণয়নের প্রক্রিয়া কার্যত বন্ধ রেখেছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, অবশ্যই সিভিল সার্ভিস আইন হওয়া উচিত। এই আইন প্রণয়নে কোনোভাবেই বিলম্ব করা ঠিক নয়। আর পরীক্ষার মাধ্যমে পদোন্নতির প্রস্তাবই যৌক্তিক।’