সিভিল সার্ভিস আইন প্রণয়নে সব ক্যাডারের মতামত নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হলে ‘সিভিল সার্ভিস অ্যাক্টের’ সব গোপনীয়তা ঝেড়ে ফেলতে হবে। সেই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডার, বিসিএস সমন্বয় কমিটি এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই আইনটির প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয়ক কমিটি।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবন মিলনায়তনে সমন্বয় কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বিসিএস সমন্বয় পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়।কমিটি বলছে, বর্তমানে এই আইনের আওতায় জনগণকে সেবাদানকারী ২৮টি ক্যাডারের সদস্যরা এবং এ আইনের সুবিধা গ্রহণকারী দেশের জনগণ আইনটির খসড়া সম্পর্কে কিছুই জানে না।সরকারের শুধু একটি ক্যাডার এ আইনের খসড়া প্রণয়নের কাজ করছে। এতে করে জনগণের কল্যাণ ও দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে সিভিল সার্ভিসের অবশ্য করণীয় ভূমিকার বিষয়টি আইনের খসড়ায় উপেক্ষিত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।নজরুল ইসলাম বলেন, দেরিতে হলেও জনগণের সেবা নিশ্চিত করতে জনপ্রশাসন কীভাবে পরিচালিত হবে, তার জন্য সরকারের এ আইন প্রণয়নের উদ্যোগ প্রশংসনীয়। সিভিল সোসাইটির প্রতিনিধি, যাঁরা জনপ্রশাসন নিয়ে গবেষণা করেন তাঁরাও এ আইনের বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞ।কমিটির অন্য বক্তাদের অভিমত, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সে মতামতের আলোকে ঔপনিবেশিক প্রশাসনের পরিবর্তে একুশ শতকের উপযোগী উন্নয়ন ও জনকল্যাণমুখী দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে উপযুক্ত সিভিল সার্ভিস আইন প্রণয়ন করতে হবে।সভায় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের যে তারিখ থেকে চতুর্থ ও পঞ্চম গ্রেডে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে, সিভিল সার্ভিসের অন্য ২৮টি ক্যাডারের কর্মকর্তাদেরও সেই একই তারিখ থেকে সিলেকশন গ্রেড দেওয়ার জন্যও দাবি জানানো হয়।