সিমেন্ট দিয়ে গড়া...
দোকানের সামনে এক অভাবনীয় দৃশ্য! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন পাশাপাশি। ভঙ্গিটা অসাধারণ। দৃশ্যটা অকল্পনীয়। সম্ভব হয়েছে কেবল একটা কারণেই, দুজনই সিমেন্টে গড়া। দৃশ্যটা দেখা গেল ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ডের এক দোকানের সামনে।ওই দোকানে সিমেন্টের তৈরি নানা রকম ভাস্কর্য মেলে। বাঘ, ভালুক, হাতি, হরিণ, জিরাফ, ষাঁড়, বক, দোয়েল, ইগল, সারস এমনকি প্রাগৈতিহাসিক ডাইনোসর পর্যন্ত মেলে সে দোকানে। মেলে জাতীয় ফুল শাপলা। আর এসব যিনি গড়েন, তাঁর নাম মোহাম্মদ ছাইদুর রহমান জীবন। তাঁরই দোকান এটা, নাম এস এ ট্রেডার্স। মূলত তাঁর কারখানায় আগে রিং, স্লাব, নৈচা তৈরি হতো। তারপর কী খেয়ালে একদিন তিনি তাঁর কারখানার কারিগর নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে রড, সিমেন্ট দিয়ে বানিয়ে ফেলেন দুটি হাতি। কী আশ্চর্য! দোকানের সামনে রাখতে না-রাখতেই এক চীনা ভদ্রলোক ওই দুটি কিনে নিলেন। বেশ উৎসাহ পেয়ে গেলেন জীবন। বানাতে শুরু করলেন বাঘ, ভালুক, ঘোড়া ইত্যাদি। খোঁজ পেয়ে লোকজন আসতেও শুরু করল। বেছে বেছে যার যা ভালো লাগে কিনে নিয়ে যায়। জীবন বলেন, ‘প্রথম যখন সিমেন্ট দিয়ে এসব শোপিস বানানো শুরু করি, তখন আমি নিজেও জানতাম না, এগুলো আদৌ মানুষের পছন্দ হবে, নাকি হবে না। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই লোকজন আমার কাছে আসতে শুরু করে। এখন প্রায়ই পার্ক, পিকনিক স্পট কিংবা বাড়ির বাগান সাজাতে লোকজন সিমেন্টের জন্তু-জানোয়ার কিনে নিয়ে যাচ্ছে।’ কী কী লাগে এই সিমেন্টের ভাস্কর্য তৈরি করতে? জীবন বলেন, ‘রড, সিমেন্ট, বালু, ইটের সুরকি আর রং।’যে প্রাণীটি বানানো হবে, তার আদলে রড দিয়ে একটি কাঠামো তৈরি করা হয়। তারপর সেই কাঠামোর ওপর ধীরে ধীরে পরতে পরতে বসানো হয় সিমেন্ট-বালুর মিশ্রণ। তারপর রং করা হয়। কিন্তু এ কাজে পরিশ্রম আছে। কেননা, পুরোটাই করতে হয় হাতে। এসব জিনিস করতে সময়ও লাগে বেশ। তবু জীবন বেশ মজায় আছেন। দিন দিন তাঁর কারখানা বড় হচ্ছে। বিক্রিও বাড়ছে। লোকজন ভালো দামে কিনে নিয়ে যায় তাঁর কাজ। দুই থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয় একেকটা ভাস্কর্য। জীবন আরও বলেন, ‘এখন আমার সঙ্গে আরও ১০ জন শিল্পী কাজ করেন। আমি তাঁদের সঙ্গে নিয়ে এই ভাস্কর্য বানিয়ে যাচ্ছি। ভালো লাগে, যখন দেখি আমাদের তৈরি ভাস্কর্য বিভিন্ন পার্কে কিংবা পিকনিক স্পটে রয়েছে, লোকজন বেড়াতে এসে এসব দেখে আনন্দ পাচ্ছে। এসএ গেমস উপলক্ষে আমি দুটি বাঘ বানিয়েছিলাম। এগুলো এখন কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে রয়েছে। মানুষ পথ চলতে চলতে ওদের দেখে থেমে যায়, আনন্দ পায়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।’