সিমেন্টে খোদাই হলো জ্যাকসনের সেই জুতো ও দস্তানা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের বেশি হলো মাইকেল জ্যাকসনের চলে যাওয়ার। কিন্তু এখনো অনেক ভক্তের হূদয়ে বেঁচে রয়েছেন তিনি। তাঁর স্মৃতি ধরে রাখার চেষ্টাও করা হয়েছে বিভিন্নভাবে। এরই ধারাবাহিকতায় জ্যাকসনের আদরের তিন সন্তান প্রিন্স, প্যারিস ও ব্লাঙ্কেট বিভিন্ন শোতে বাবার ব্যবহূত জনপ্রিয় জুতা ও দস্তানা সিমেন্টে খোদাই করে রেখেছে। গ্রম্যান চায়নিজ থিয়েটারের সামনে গতকাল বৃহস্পতিবার রাতে তারা বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য এই উদ্যোগ নেয়।গ্রম্যান চায়নিজ থিয়েটারের ওই অনুষ্ঠানে জ্যাকসনের সন্তানদের সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দেন আরও জনপ্রিয় তারকারা। তাঁদের মধ্যে ছিলেন কুইন্স জোনস ও জাস্টিন বিয়েবার। বিয়েবার জ্যাকসনের জনপ্রিয় গান ‘রকিন রবিনের’ কিছু অংশ গেয়ে শোনান। তিনি বলেন, ‘মাইকেল জ্যাকসন দ্য ইমমর্টাল ওয়ার্ল্ড ট্যুর’-এ অংশ নিতে পেরে তিনি আনন্দিত। লস অ্যাঞ্জেলসে আজ শুক্রবার থেকে ওই অনুষ্ঠান শুরু হয়েছে। ২০০৯ সালের ২৫ জুন মারা যান জ্যাকসন। অতিমাত্রায় চেতনানাশক ওষুধ সেবনের ফলে তিনি মারা যান। জ্যাকসনকে এ ধরনের ওষুধ দেওয়ার জন্য তাঁর ব্যক্তিগত চিকিত্সক করনাড মুরেকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রয়টার্স।