সিমেন্টের বস্তা চাপা পড়ে ঘুমন্ত পাঁচ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি নির্মাণাধীন বিনোদন পার্কের মালামাল রাখার গুদামে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তিরা হলেন: রাজবাড়ী সদর উপজেলার আক্কুু মুন্সি (৫০), তাঁর ছেলে রাকিব মুন্সি (২০), একই উপজেলার জাহিদ শেখ (২৫), আছির উদ্দিন (২০) এবং কুড়িগ্রামের কুটিপাড়া গ্রামের মো. নাজমুল (২২)। পুলিশ, শ্রমিক ও গুদামের নিরাপত্তাকর্মী সূত্রে জানা যায়, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল পশ্চিম ধনকুন্ডা এলাকায় বিনোদন পার্ক আর কে গ্রিনল্যান্ডের নির্মাণকাজ চলছে। কয়েক শ শ্রমিক এখানে কাজ করেন। পার্কের ভেতরে নির্মাণসামগ্রী রাখার জন্য তৈরি টিনের ঘরে কয়েকজন শ্রমিক থাকতেন। গত শনিবার রাতে তাঁরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে কাজে যোগ না দেওয়ায় অন্য শ্রমিকেরা তাঁদের খোঁজ করতে থাকেন। শ্রমিকেরা ওই গুদামে গিয়ে দেখেন, সিমেন্টের বস্তা এলোমেলো পড়ে আছে। পরে তাঁরা সিমেন্টের বস্তা সরিয়ে পাঁচজনের লাশ পান। গুদামের নিরাপত্তাকর্মী আবদুল হাই জানান, গুদামে এক হাজার ৫০ বস্তা সিমেন্ট ছিল। এ ছাড়া রড, শাবল, রাজমিস্ত্রিদের কাজের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল রাখা হতো। সেখানে সিমেন্টের বস্তার স্তূপের পাশে শ্রমিকেরা ঘুমাতেন। শ্রমিকদের দলনেতা ইসহাক হোসেন জানান, শনিবার রাতে খাবার খেয়ে ওই পাঁচ শ্রমিক গুদামে ঘুমাতে যান। গুদামে দুই সারিতে স্তূপ করে রাখা সিমেন্টের বস্তার মাঝখানে ছোট একটি জায়গায় তাঁরা ঘুমাতেন। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, সকালে ওই পাঁচজনের খোঁজে অন্য শ্রমিকেরা গুদামে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে একজন নিরাপত্তাকর্মী গুদামের তালা বন্ধ করে চলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বাধ্য হয়ে গুদামের তালা খুলে দেন ওই নিরাপত্তাকর্মী। সেখানে এলোমেলো সিমেন্টের বস্তা সরিয়ে পাঁচ শ্রমিকের লাশ পাওয়া যায়। মালিকপক্ষের দায়িত্বহীনতার কারণেই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে অভিযোগ করে শ্রমিকেরা এর ক্ষতিপূরণ দাবি করেন। আর কে গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবুল হোসেন পাঠান বলেন, শ্রমিকদের থাকার জন্য জায়গা থাকলেও তাঁরা গুদামে রাত যাপন করেছিলেন। বিষয়টি দুর্ঘটনা উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বলেন, কারও অবহেলায় এই প্রাণহানি হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার রশোড়া গ্রামে বাড়ি আক্কু মুন্সির। গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামী ও একমাত্র ছেলে রাকিবকে হারিয়ে পাগলপ্রায় রেখা বেগম (৩৮) বিলাপ করছেন, ‘আমি এখন কোথায় যাব, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও।’ মাকে জড়িয়ে ধরে ভাই ও বাবার জন্য কাঁদছে রেশমা (১১)। স্বজন ও প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের পূর্ব পাকুড়িকান্দা গ্রামে জাহিদ শেখের বাড়ি। ছেলে মারা যাওয়ার খবর শোনার পর থেকে জাহিদের মা নূরজাহান বেগম শয্যাশায়ী। মাতম চলছে আছির উদ্দিনের স্বজনদের মধ্যেও। তাঁর নানি বোরন বেওয়া (৬২) বিলাপ করছেন, ‘ওরে আমার ভাই রে, আমি এটা কীভাবে সহ্য করব...।’