সিরতিতে বিদ্রোহীদের অভিযান শুরু
লিবিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সেনারা দেশটির ক্ষমতাচ্যুত নেতা গাদ্দাফির জন্ম-শহর সিরতিতে অভিযান শুরু করেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।বর্তমানে লিবিয়ার চারটি শহরের নিয়ন্ত্রণ গাদ্দাফি অনুগত সেনাদের হাতে রয়েছে। উপকূলীয় শহর সিরতি এর মধ্যে অন্যতম। ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনসিটি) মুখপাত্র আলী গিলিওয়ান বলেছেন, তাদের সেনারা সিরতির দক্ষিণ ও পশ্চিমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে। এনসিটির সেনারা সিরতির কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে। তারা সেখানে গাদ্দাফির চোরাগোপ্তা ও এলিট বাহিনীর তীব্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। এতে এনসিটির চার সেনা নিহত এবং অনেকেই আহত হয়েছে।এদিকে গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম সিরিয়ার একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এনসিটির হাত থেকে লিবিয়াকে মুক্ত করতে তাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত। তিনি বলেন, ‘বিভিন্ন সীমান্তে আমাদের হাজার হাজার তরুণ স্বেচ্ছাসেবক আছে।’মুসা ইব্রাহিম আরও বলেন, ‘আমরা শক্তিশালী। পুরো লিবিয়াকে স্বাধীন করার জন্য আমাদের অস্ত্র, পরিকল্পনা ও সক্ষমতা আছে।’