সিরাজগঞ্জ, জয়পুরহাটে বার্ড ফ্লু, চার হাজার মুরগি মারা গেছে
দেশের দুটি জেলায় বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) দেখা দিয়েছে। সিরাজগঞ্জ ও জয়পুরহাটে ইতিমধ্যে প্রায় চার হাজার মুরগি এ রোগে মারা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ বছর এর প্রকোপ বাড়তে পারে।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, জয়পুরহাটের পর সিরাজগঞ্জে বার্ড ফ্লু দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এটা বার্ড ফ্লু হওয়ারই সময়। তবে বিগত বছরগুলোতে এর প্রকোপ তেমন ছিল না। অবস্থা দেখে মনে হচ্ছে, এবার এর প্রকোপ বাড়তে পারে। সরকার এ ব্যাপারে পর্যাপ্ত নজরদারি করছে জানিয়ে তিনি বলেন, ‘পশুসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি।’সিরাজগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে গত তিন দিনে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় আকমল পোলট্রি ফার্মে ১১ মাস বয়সী প্রায় এক হাজার ২০০ মুরগি মারা যায়। আরও ৩০০ মুরগি অসুস্থ। গতকাল মঙ্গলবার এক হাজার ৮০০ মুরগি পুড়িয়ে মেরে ফেলা হয়েছে।সিরাজগঞ্জ জেলা পশুসম্পদ কার্যালয় ও ফার্মের মালিক সূত্র থেকে জানা যায়, ফার্মের মালিক বিষয়টি জেলা পশুসম্পদ কার্যালয়ের কর্মকর্তাকে জানান। গতকাল সকালে জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা পশুসম্পদ বিভাগের কর্মকর্তারা অসুস্থ ৩০০ মুরগির মধ্য থেকে কয়েকটি মুরগি পরীক্ষার জন্য ঢাকার পশুসম্পদ গবেষণাকেন্দ্রে পাঠান। পরীক্ষায় নিশ্চিত হয়, এসব মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত। বিকেলে জেলা প্রশাসনের সব কর্মকর্তা, সিভিল সার্জন ও জেলা পশুসম্পদ কর্মকর্তা উপস্থিত থেকে বাকি এক হাজার ৮০০ মুরগি পুড়িয়ে মেরে ফেলেন। পরে সেগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়।সিরাজগঞ্জ জেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, জেলার অন্য পোলট্রি ফার্মের মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ইতিমধ্যে সব ফার্মে প্রতিষেধক পাঠানো হয়েছে। সার্বিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার ক্ষেতলাল উপজেলায় ফকিরপাড়া গ্রামে লতা পোলট্রি খামারে গত শনিবার রাতে ৬৬৯টি মুরগি মারা যায়। জেলার আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান ও গবেষণাকেন্দ্র পরীক্ষা করে জানায়, এসব মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত ছিল। পরে জেলা পশুসম্পদ কর্মকর্তা শহীদুল ইসলামের উপস্থিতিতে বাকি ৫৩১টি মুরগি নিধন করা হয়।