সিরাজগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সিরাজগঞ্জে বকুল (৪২) ও হাকিম (৪৫) এবং গাইবান্ধার দুলাল মিয়া (২৮)। দুলাল মিয়ার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি গ্রামে। সিরাজগঞ্জ: আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে। উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল এবং হাসপাতালে নেওয়ার পথে হাকিম ও নাম না জানা আরও একজন মারা যান। বকুল ও হাকিমের বাড়ি পাবনার আতাইকুলায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অভিরামপুর এলাকায় আজ সকালে সাড়ে সাতটার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২০ জন।আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, ওই সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ও বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বাস ও ট্রাক আটক করেছে পুলিশ।