সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে সহিংসতায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও গোপালগঞ্জে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে ৩৫ জন। জামালপুরের মাদারগঞ্জে পরাজিত এক ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকেরা বিজয়ী প্রার্থীর আত্মীয়ের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।সিরাজগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল দুপুরে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মতিন ও সরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় গুজব ছড়িয়ে পড়ে, ভোটকন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এ ধরনের গুজবের পরিপ্রেক্ষিতে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে তারা ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী মাঠে চলে যায়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষ রামদা, লাঠিসোঁটাসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে শাহ আলম (৩৮), আলামিন (২২), আলী (২৫), নওশাদসহ (২৭) উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম মারা যান।আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।প্রিসাইডিং কর্মকর্তা মাহবুব হাসান জানান, এ ঘটনায় ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সংঘর্ষে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৮টি গুলি ছুড়েছে। গোপালগঞ্জ: মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে বিজয়ী ইউপি সদস্য বাদশা দর্জি ও পরাজিত সদস্য প্রার্থী সালাম দর্জির সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খোদেজা বেগম (৫৫) নামের এক নারী মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসআই সালাম আরও জানান, সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খোদেজার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তিনি আঘাতজনিত কারণে কিংবা সংঘর্ষ দেখে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।উল্লেখ্য, খোদেজার বাড়ির উঠানে সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বহুগ্রাম ইউনিয়নের তারাইল গ্রামে পরাজিত সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী রাজিয়া বেগমের সমর্থকেরা সিদ্দিক মোল্লা নামে এক ব্যক্তিকে মারধর করেছে। তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য জামিল উদ্দিনের অভিযোগ, গত মঙ্গলবার রাতে পরাজিত সদস্য প্রার্থী বাবুল আক্তারের এক ভাইয়ের নেতৃত্বে শতাধিক ব্যক্তি তাঁর ভাতিজা মিনহাজ উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে এবং টাকাসহ সোনার গয়না লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা তিনজনকে মারধর করে। ওই তিনজন বর্তমানে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।পরাজিত প্রার্থী বাবুল আক্তার হামলার অভিযোগ অস্বীকার করেছেন।পীরগঞ্জ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের পেছন থেকে গতকাল ব্যালট পেপারের ১১টি মুড়ি উদ্ধার করা হয়েছে। ব্যালট পেপারগুলো চেয়ারম্যান পদের। ১২ জুন পীরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে।