সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে আজ সোমবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।সিরাজগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া-বেতকান্দি সড়কের মালতিডাঙ্গায় আজ বালুবোঝাই একটি ট্রলি সড়কের পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাসান (৪) নামে একটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশুটির বাবার নাম আবদুস ছাত্তার। তার বাড়ি মালতিডাঙ্গা গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ট্রলিচালক ছালামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অপরদিকে গতকাল রোববার রাতে সিরাজগঞ্জের সয়দাবাদ বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একই এলাকার কালাচাঁন মিয়া (৩৫) নামে এক পথচারী নিহত হন। এদিকে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সোনালী (৬) নামে এক শিশু ও আলাবত উদ্দিন (৪০) নামে অপর এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ঠাকুরগাঁও পৌরসভার পুলিশ লাইনের কাছে একটি পিকআপের ধাক্কায় পৌরসভার মুসলিম নগর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সোনালী ঘটনাস্থলে নিহত হয়। জেলার হরিপুর উপজেলার হরিপুর-ধীরগঞ্জ সড়কের আমগাঁও জামুন নামক স্থানে আজ একটি নছিমনের ধাক্কায় পথচারী আলাবত উদ্দিন নিহত হন। নিহত ব্যক্তি একই উপজেলার আমগাঁও জামুন গ্রামের মৃত কুরানু মুহাম্মদের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।