সিরাজগঞ্জ ও পাবনায় আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে চারজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়। এঁরা হলেন—উপজেলার সরাতৈল গ্রামের কদভানু (৪৭) ও সিরাজুল (২৮) এবং কুঠিবাড়ী গ্রামের লালবিবি (৫০) ও নিলু (২৫)। আক্রান্তরা জানান, ২১ মে কুঠিবাড়ী গ্রামের চাঁদ মিঞার একটি ছাগল অসুস্থ হলে সেটি জবাই করে গ্রামে মাংস বিক্রি হয়। সেই মাংস থেকেই তাঁরা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আউয়াল জানান, আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান জানান, নতুন আক্রান্ত চারজনসহ মোট ৪৪ জনকে চিকিত্সাপত্র দেওয়া হয়েছে। এদিকে মহাখালী থেকে আগত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদল আজ সকালে শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের কুঠিবাড়ী গ্রামে এবং পাবনার ফরিদপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীদের রক্ত ও নমুনা সংগ্রহ অব্যাহত রেখেছে।পাবনা: পাবনার ফরিদপুর পৌর এলাকার রাউত নাগদাপাড়া মহল্লায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে এই গ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাতজনে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিত্সক দল এ রোগীকে শনাক্ত করে। আক্রান্ত ব্যক্তির নাম মো. শরাফত আলী (৪২)। এলাকাবাসী জানায়, গত ২৪ মে গ্রামের শহীদ আলীর একটি গরু অসুস্থ হয়ে পড়লে সেটিকে জবাই করা হয়। যারা গরুটির মাংস কাটা ও ধোয়ার কাজ করেছিল তাদের শরীরে ক্ষত দেখা দেয়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানালে গত ৩০ মে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে অ্যানথ্রাক্সে আক্রান্ত ছয়জনকে শনাক্ত করে। এরপর আজ আরও একজন শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্তদের চিকিত্সা দেওয়া হচ্ছে। আগে আক্রান্ত ছয়জনই সুস্থ হয়ে উঠেছে। নতুন যিনি আক্রান্ত হয়েছেন তাকেও চিকিত্সা দেওয়া হচ্ছে। এলাকাটির ওপর বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ মে পাবনার সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করা হয়। এ নিয়ে পাবনার দুই উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ধারালো ১২ জন।