সিরাজগঞ্জ ও পাবনায় আরও ৮ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ ও বেলকুচি উপজেলায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত আরও তিনজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান মিলেছে। এদিকে, পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামে আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জের তিন উপজেলায় ৯৭ জন এবং পাবনার সাঁথিয়ায় ২৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হলো। ওই এলাকাগুলোতে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চলছে। পাশাপাশি আক্রান্ত রোগী ও পশুকে যথাযথ চিকিৎসাসেবা ও প্রতিষেধক দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জে আরও তিনজন শনাক্ত: জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলকুচি উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামের রানা পাল (৫) এবং কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের কোহিনূর বেগম (৩০) ও আনোয়ার হোসেনের (৪০) শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে জেলার বেলকুচি উপজেলায় ২২ জন, কামারখন্দে ৩৪ জন ও শাহজাদপুরে ৪১ জন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে। গতকাল সকালে ধোপাকান্দি গ্রামের লাল চাঁদ মিয়ার একটি গাভি অসুস্থ হয়ে মারা যায়। স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, গাভীটি সম্ভবত অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত গাভীটিকে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়েছে। রোগ পুরোপুরি নিশ্চিত করতে গাভীটির রক্ত সংগ্রহ করে এবং গত রোববার শাহজাদপুরের চিথুলিয়া গ্রামে মারা যাওয়া গাভীটিকে গর্ত থেকে উত্তোলন করার পর তার একটি হাড় পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে প্রাণীরোগ অনুসন্ধানের সিরাজগঞ্জের আঞ্চলিক গবেষণাগারে পাঠানো হয়েছে।সচেতনতা বাড়াতে সভা-সমাবেশ, মাইকিং: অ্যানথ্রাক্স সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সচেতনতামূলক সভার আয়োজন করতে বলা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) আবদুল বাকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত দল জেলার আক্রান্ত স্থানগুলোতে গতকাল সকাল থেকে পর্যবেক্ষণ শুরু করেছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল ইসলাম জানান, এলাকায় স্বাস্থ্য বিভাগের তদন্ত দল অনুসন্ধান অব্যাহত রেখেছে। আক্রান্তদের ওষুধপত্র ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতিটি এলাকায় সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগের একটি দল কাজ করে যাচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, রোগাক্রান্ত গবাদিপশুগুলোকে আলাদা করাসহ সব গবাদিপশুকে প্রতিষেধক দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রোগাক্রান্ত গরু যত্রতত্র যাতে জবাই করা না হয় সে জন্য বিভিন্ন স্থানে লোক নিয়োগ করা হয়েছে। এই এলাকার কোনো গবাদিপশু অন্য এলাকায় না যায়, সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করার সময় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) আবদুল বাকী বলেন, সব গবাদিপশুকে প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সব গবাদিপশুকে প্রতিষেধকের আওতায় আনার ব্যবস্থা করা হবে।এদিকে, অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তাঁর কার্যালয় থেকে দুটি দল উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে গবাদিপশুর সার্বিক অবস্থা জানতে কাজ করছে।সাঁথিয়ায় আরও পাঁচজন শনাক্ত: জেলার সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামে রেনু খাতুন (২৫), আবদুস সালাম (৩৫), যমুনা খাতুন (২৫), আবু সরকার (৭৫) ও তানিয়া খাতুন (৮) নামের আরও পাঁচজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। আগের দিন রোববার একই গ্রামে ১৯ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত জেলায় মোট ২৪ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, অ্যানথ্রাক্সের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবদুল আলিমের নেতৃত্বে তিন সদস্যের একটি চিকিৎসা দল গঠন করে ওই এলাকায় নিযুক্ত করা হয়। সেই সঙ্গে বিষয়টি ঢাকায় স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) জানানো হয়। রোববার আইইডিসিআর ও আইসিডিডিআরবির একটি বিশেষজ্ঞ দল আক্রান্ত এলাকা পরিদর্শন করে। এ ছাড়া বর্তমানে অ্যানথ্রাক্স আক্রান্ত গ্রামটিসহ আশপাশের আরও পাঁচটি গ্রামে অ্যানথ্রাক্সের প্রতিষেধক সরবরাহ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল আক্রান্ত এলাকাসহ আশপাশের গ্রামগুলো পর্যবেক্ষণ করছেন।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, পাবনা অফিস ও উল্লাপাড়া প্রতিনিধি]