সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় অ্যানথ্রাক্সের আরও ৩ রোগীর সন্ধান
সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় আজ সোমবার অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও তিনজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁদের তিনজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ অ্যানথ্রাক্সে আক্রান্ত দুজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার সাতবিলা গ্রামের জাহাঙ্গীর আলীর স্ত্রী মৌসুমি খাতুন (৩০) ও সাতবাড়িয়া গ্রামের আবদুল জব্বার (৩২)।আক্রান্ত দুজনকেই আজ সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা এক সপ্তাহ আগে পাশের গ্রামের আবদুল জলিলের জবাই করা অসুস্থ গরুর মাংস কম দামে কিনে ভাগাভাগি করে খেয়েছিলেন।সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল ইসলাম দুজন ব্যক্তি আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে জানান, এ নিয়ে জেলায় ২০২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সাতক্ষীরার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রাশিদা খাতুনকে (৩৭) অ্যানথ্রাক্স রোগী বলে শনাক্ত করা হয়। তিনি সাতক্ষীরা শহরের মধুমল্যারডাঙ্গী এলাকার লোকমান গাজীর স্ত্রী।সাতক্ষীরার সিভিল সার্জন এস জাহাঙ্গীর আতিক জানান, রাশিদা খাতুন অ্যানথ্রাক্স আক্রান্ত। তাঁর ক্ষতস্থানের ছবি ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।