সিরাজগঞ্জ পাবনায় আরও ৭২ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার দুটি উপজেলায় নতুন করে ৫৩ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে কামারখন্দ উপজেলার ধোপাকান্দি ও বেলকুচি উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামে স্বাস্থ্যকর্মীরা এই রোগীদের সন্ধান পান। এদিকে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের পাথাইলহাট গ্রামে ১৯ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে গতকাল একটি গাভি মারা গেলেও নতুন কোনো রোগীর সন্ধান মেলেনি। স্বাস্থ্য ও পশু বিভাগের দুটি দল তদন্ত শেষ করে গতকাল ঢাকায় ফিরে গেছে।সিরাজগঞ্জে আরও ৫৩ জন শনাক্ত: সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের দুজন লোক চিকিৎসার জন্য আসেন। তাঁদের মধ্যে আনোয়ারা বলেন, ‘গ্রাম্য চিকিত্সকদের ওষুধ খেয়ে কোনো কাজ না হওয়ায় হাসপাতালে এসেছি।’ এই দুজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারে বলে সন্দেহ হলে বিষয়টি তাত্ক্ষণিক সিভিল সার্জনের কার্যালয়ে জানানো হয়। সিভিল সার্জনের কার্যালয় থেকে কয়েকজন চিকিত্সক ঘটনাস্থলে যান। এই চিকিত্সকেরা বিকেল পর্যন্ত কামারখন্দে ৩২ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করেন। এ ছাড়া বেলকুচি উপজেলার আদাচাকী পূর্বপাড়ায় স্বাস্থ্যকর্মীরা অ্যানথ্রাক্সে আক্রান্ত ২১ জনের সন্ধান পান। সিরাজগঞ্জ জেলা পশুপালন কার্যালয় সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের মকবুল, তোজাম্মেল, ওসমান, চান্দু মিয়া—এই চারজন মোটাতাজা করার জন্য চারটি গরু হাট থেকে কেনেন। গরুগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে গত ২৭ জুলাই জবাই করে কমমূল্যে গ্রামবাসীর কাছে মাংস বিক্রি করা হয়। গরুগুলোর মাংস যাঁরা কেটেছেন এবং ধুয়ে রান্না করেছেন, তাঁরাই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ওই গ্রামে গত এক সপ্তাহে একটা গাভি ও দুটি বকনা বাছুর অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে বেলকুচি উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামের সিদ্দিক ও ওমর আলীর দুটি গাভি অসুস্থ হয়ে গেলে সেগুলো জবাই করে গ্রামে বিক্রি করা হয়। এই গরুর মাংসের সংস্পর্শে যাঁরা এসেছেন অর্থাৎ মাংস তৈরি ও রান্না করেছেন, তাঁরাই আক্রান্ত হয়েছেন। জেলা প্রাণিসম্পদ কার্যালয় আরও জানায়, ওই গরুগুলো অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল। তা না হলে এই রোগ মানুষের দেহে ছড়াত না।জেলার দুটি উপজেলায় নতুন করে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়ায় চিকিৎসাকর্মীদের একটি দল ঘটনাস্থলে নিয়োজিত রয়েছে। এই দলটি রোগীদের শনাক্ত করে বিনা মূল্যে ওষুধপত্র সরবরাহ করছে। প্রাণিসম্পদ বিভাগ এলাকার গরুগুলোকে ভ্যাকসিন দিতে শুরু করেছে।শাহজাদপুরের চিথুলিয়া গ্রামের সাহেব আলীর একটা গাভি গতকাল সকালে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। গরুটি দীর্ঘ সময় বাড়ির আঙিনায় ফেলে রাখা হয়। দুপুর দুইটার দিকে গরুটি মাটিচাপা দেওয়া হয়। এদিকে স্বাস্থ্য ও প্রাণী বিভাগের দুটি তদন্ত দল দুই দিন ধরে তদন্ত শেষ করে রোগীদের রক্ত সংগ্রহ করে গতকাল ঢাকায় ফিরে গেছে।সিরাজগঞ্জের সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার নতুন করে দুটি উপজেলার দুটি গ্রামে অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোগীদের শনাক্ত করে বিনা মূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুগুলোর মাংস থেকেই এই রোগ ছড়িয়েছে। ওই গরুগুলো জবাই করা না হলে মানুষ আক্রান্ত হতো না। সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম জানান, যেসব গরু আক্রান্ত হয়েছিল সেগুলো মোটাতাজা করার জন্য কেনা হয়েছিল। কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়নি। ভ্যাকসিন দেওয়া অব্যাহত রাখা হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, অসুস্থ গবাদিপশু চিহ্নিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব পশুকে ভ্যাকসিন দেওয়া হয়নি সেগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আক্রান্ত গবাদিপশুগুলো জবাই করে খাওয়া এবং যত্রতত্র না ফেলার জন্য খামারমালিক ও পশুমালিকদের সচেতনা করতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।পাবনায় আক্রান্ত ১৯: সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, বাজার থেকে গরুর মাংস কিনে খাওয়ার পর ওই গ্রামের কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে—এমন তথ্য পেয়ে গত শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল পাথাইলহাট গ্রাম পরিদর্শন করে। গ্রামের ফকির চাঁদ (৪২), নাছিমা (৩২), নাজরিন নাহার (৩০), শান্তা ইসলাম (১২), বাবুল সরকার (৩৫), রওশন হায়দার (৫৫), আইয়ব (৪৮), আলম হোসেন (৪০), মমতা (৫৫), মাহফুজ হোসেন (১৮), নাছিম হোসেনসহ (১২) ১৯ জনের শরীরে প্রাথমিকভাবে অ্যানথ্রাক্সের লক্ষণ শনাক্ত করা হয়েছে। বিষয়টি ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) জানানো হয়। এই দুটি প্রতিষ্ঠানের একটি বিশেষজ্ঞ দল গতকাল ওই ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা অ্যানথ্রাক্স আক্রান্ত বলে নিশ্চিত হন। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ওই রোগীদের রক্ত, জবাই করা গরুর গোয়ালঘরের মাটিসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ঢাকা থেকে আসা প্রতিনিধিদলের প্রধান আইসিডিডিআরবির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সুবোধ কুমার কুণ্ডু বলেন, ‘অসুস্থ ব্যক্তিদের উপসর্গের সঙ্গে অ্যানথ্রাক্স রোগের উপসর্গের সম্পূর্ণ মিল পাওয়া গেছে। পুরোপুরি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা নমুনা সংগ্রহ করেছি।’