সিরাজগঞ্জ বগুড়া কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় সিরাজগঞ্জ, বগুড়া ও কুড়িগ্রাম জেলায় গতকাল রোববার বন্যা-পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সুরমা, কুশিয়ারা ও কংস নদের পানি কমায় সিলেট, সুনামগঞ্জ ও শেরপুরে বন্যা-পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এদিকে যমুনার প্রবল তোড়ে গতকাল দুপুরে সিরাজগঞ্জের তিনটি স্থানে মোট ১৩৫ মিটার বাঁধ ধসে গেছে।এদিকে গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পর্যবেক্ষণ করা ৭৩টি স্টেশনের মধ্যে ৩২টি স্থানে পানি বেড়েছে। কমেছে ৩৬টি স্থানে। এর মধ্যে সিরাজগঞ্জ ও বাহাদুরাবাদে যমুনার পানি যথাক্রমে ১৮ ও ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৮ ও ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। নাগেশ্বরীর নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি স্থিতিশীল থাকলেও এখনো বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও কানাইঘাটে সুরমার পানি যথাক্রমে ১৯, ১৬ ও ৩০ সেন্টিমিটার করে কমেছে। তবে এখনো বিপৎসীমার ২৯, ২২ ও ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া অমলসিদ, শ্যাওলা ও শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কমেছে যথাক্রমে ৮৩, ৩২ ও ২ সেন্টিমিটার। সেখানেও পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা ও সিরাজগঞ্জে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্যা-পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: প্রবল পানির তোড়ে গতকাল দুপুরে সিরাজগঞ্জে যমুনা নদীর শিমলা ২ নম্বর স্পারের কংক্রিট অংশ থেকে ৫০ মিটার এবং তীর সংরক্ষণ বাঁধের সিংড়াবাড়ী এলাকায় ১৫ মিটার অংশ ধসে গেছে। ধসে গেছে ক্লোজার-১ বাঁধের ৭০ মিটার অংশ। বন্যার পানি বাড়ায় সিরাজগঞ্জ শহরতলির অন্তত ১২টি গ্রামসহ জেলার ৬০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেলকুচি, কাজীপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। বন্যাদুর্গত মানুষের জন্য সরকারিভাবে ৪৬৭ মেট্রিক টন চাল ও ১১ লাখ টাকা বরাদ্দ পাওয়ার কথা জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, ধসে যাওয়া স্থানগুলোতে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে নিয়ন্ত্রণে আনা হয়েছে।বগুড়া: যমুনার পানি বাড়ায় গতকাল জেলার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, কাজলা, কর্ণীবাড়ি, বোহাইল, কামালপুর, কুতুবপুর, হাটশেরপুর ও সদর ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে ৪০ হাজারে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ উঁচু স্থান ও নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। যমুনার প্রবল স্রোতে চরাঞ্চলের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য সরকারিভাবে ১০৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।কুড়িগ্রাম: জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, রাজীবপুর উপজেলার মুন্সিপাড়া, উলিপুরের হাতিয়া ও নাগেশ্বরীর নুনখাওয়ায় বেড়িবাঁধ ভাঙায় আশপাশের ৪০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়েছে খেদাইমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইটালুকান্দা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জেলার নয় উপজেলায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সার্বিক বন্যা-পরিস্থিতি পরিদর্শন ও তদারকির জন্য পাঁচ সদস্যের তিনটি দল গঠন করা হয়েছে। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য সরকারিভাবে ৬৮৮ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই ত্রাণসামগ্রী পাঠপর্যায়ে বিতরণ করা হচ্ছে।গাইবান্ধা: সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। গতকাল সন্ধ্যায় ঘাঘট নদের পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য এ পর্যন্ত সরকারিভাবে ৪৯১ মেট্রিক টন চাল, নগদ ও গৃহনির্মাণ বাবদ ১৫ লাখ টাকার বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে তা বিতরণ শুরু হয়েছে। বন্যা নেই, ১২ টন চাল বরাদ্দ!: গাইবান্ধা পৌরসভা এলাকায় গতকাল পর্যন্ত বন্যা হয়নি। তবু জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ তাঁর এলাকায় বন্যা হওয়ার কথা জানালে এই বরাদ্দ দেওয়া হয়।যোগাযোগ করা হলে কাউন্সিলর মুস্তাক আহমেদ গতকাল দাবি করেন, ‘আমার ওয়ার্ডের নিম্নাঞ্চলে বন্যার পানি উঠেছে। সেখানে দরিদ্র লোকজন থাকায় জেলা প্রশাসকের কাছে বরাদ্দ চেয়েছি। কাল (সোমবার) ত্রাণ বিতরণ করা হবে।’তবে গতকাল ওই ৯ নম্বর ওয়ার্ড ঘুরে কোথাও বন্যার পানি দেখা যায়নি।