সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দেওয়া নিয়ে কারসাজি!
বিশেষ প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দরপত্র মূল্যায়নে অনিয়মসহ বিভিন্ন কারণে দেশে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ আগের মতোই আটকে পড়ছে।এর মধ্যে সিরাজগঞ্জে ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ৮৩ কোটি টাকা বেশি দরে তৃতীয় নিম্ন দরদাতাকে নির্বাচিত করেছে দরপত্র মূল্যায়ন কমিটি। অভিযোগ আছে, কারসাজির মাধ্যমে প্রায় ৮০০ কোটি টাকার এ কাজ যে চীনা প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া চলছে, তার এ দেশীয় প্রতিনিধি বর্তমান সরকারের একজন মন্ত্রীর প্রতিষ্ঠান।এই মূল্যায়ন আজ রোববার প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এ ব্যাপারে দাতা সংস্থার কাছে অভিযোগ করবে বলে প্রথম আলোকে জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগে দাতা সংস্থার কাছে এ রকম কারসাজির অভিযোগ যাওয়ায় সিদ্ধিরগঞ্জের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাজ আটকে গেছে। সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎকেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হয় নয় মাস আগে। কিন্তু দরপত্র মূল্যায়নের কাজেই ছয় মাস পার করে কর্তৃপক্ষ।প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার এই কাজ জাল সনদ জমাদানকারী দুই বিদেশি কোম্পানিকে পাইয়ে দিতে দুই পক্ষে দুই প্রভাবশালী মহলের তত্পরতা এবং মূল্যায়নে অনিয়মের অভিযোগ রয়েছে।প্রকল্প বাস্তবায়নকারী পিডিবির অধীন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মুরতজা আলী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁরা কয়েক মাস আগে মূল্যায়ন শেষ করে তা দাতা সংস্থা বিশ্বব্যাংকের কাছে পাঠিয়েছেন। এখন তাঁরা বিশ্বব্যাংকের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।এ ছাড়া এক বছর আগে ‘খুলনা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট’ স্থাপনের জন্য দরপত্র ডাকা হলেও, এখনো মূল্যায়নের কাজ শেষ হয়নি। এ ক্ষেত্রেও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দিতে প্রভাবশালী ব্যক্তিদের নানা তত্পরতার অভিযোগ রয়েছে। অবশ্য প্রকল্প কর্মকর্তা তুষার কান্তি পাল প্রথম আলোকে বলেন, এখন দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ চলছে।মূল্যায়ন কমিটির একটি সূত্র জানায়, চীনের সাংহাই ইলেকট্রিক করপোরেশনকে মূল্যায়নে যোগ্য হিসেবে নির্বাচিত করা হচ্ছে। এই কোম্পানির স্থানীয় প্রতিনিধিও ওই একই মন্ত্রীর মালিকানা প্রতিষ্ঠান।সিরাজগঞ্জে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র: সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি খুলনায় ও সিরাজগঞ্জে পৃথক দুটি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গত বছরের ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করে। অনেক চড়াই-উত্রাইয়ের পর সিরাজগঞ্জের বিদ্যুৎকেন্দ্রের দরপত্রের মূল্যায়ন শেষ হয়েছে।দরপত্র মূল্যায়ন কমিটির নথিপত্রে দেখা যায়, স্পেনের কোবরা (স্পেন) সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান। এরপর চীনের এসডিইপিসিআই (শেন ডং ইলেক্ট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কনসালটিং ইনস্টিটিউট করপোরেশন) দ্বিতীয় সর্বনিম্ন, সিএমসি (চায়না মেশিনারি ইমপোর্ট-এক্সপোর্ট করপোরেশন) তৃতীয় ও ভারতীয় কোম্পানি ভেল (ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেড) চতুর্থ নিম্ন দরদাতা হয়েছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয়কে বাদ দিয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের সিএমসিকে এ কাজের জন্য নির্বাচিত করে প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রথম সর্বনিম্ন দরদাতা কোবরার দর হচ্ছে ৭১০ কোটি ৪০ লাখ টাকা। আর সিএমসির দর হচ্ছে ৭৯৩ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৮৩ কোটি টাকা বেশি দরদাতাকে কাজ দেওয়া হচ্ছে।সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার নির্দিষ্ট সময় পর রক্ষণাবেক্ষণে জরুরি হট গ্যাস পাথ ইন্সপেকশনের (এইচজিপিআই) জন্য দর চাওয়া হয়। ‘পিকিং পাওয়ার প্লান্টের’ (সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদন করবে) ক্ষেত্রে এইচজিপিআই দরকার পড়বে ১৫ বছর পর।সংশ্লিষ্ট সূত্র জানায়, এত দীর্ঘ সময় পর ব্যবহার হবে এমন যন্ত্রাংশের দর খুলনার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দরপত্রে কোনো প্রতিষ্ঠান উল্লেখ করেনি। সিরাজগঞ্জের ক্ষেত্রেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এইচজিপিআইয়ের দর উল্লেখ করেনি। শুধু চতুর্থ দরদাতা ভারতের ভেল এই যন্ত্রাংশের দর ১২০ কোটি টাকা উল্লেখ করে। কিন্তু দরপত্রের মূল্যায়নে এই ১২০ কোটি টাকা প্রথম ও দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের মোট দরের সঙ্গে যোগ করে আর্থিক মূল্যায়ন করা হয়। কিন্তু তৃতীয় সর্বনিম্ন দরদাতা সিএমসির ক্ষেত্রে তা যোগ করা হয়নি। ফলে ৮৩ কোটি টাকা বেশি দর দিয়েও মূল্যায়নে সিএমসি হয়ে গেল সর্বনিম্ন দরদাতা।প্রথম সর্বনিম্ন দরদাতা স্পেনের কোবরা কোম্পানির এ দেশীয় প্রতিনিধি মশিউর রহমান বলেন, দরপত্রের শর্ত (১এ-৩২) অনুযায়ী, দুই বছরের মধ্যে কাজে লাগবে না এমন যন্ত্রাংশের দর উল্লেখ করা জরুরি নয়। তাই তাঁরা এই দর উল্লেখ করেননি। এখন কারসাজির মাধ্যমে সবার দরে ১২০ কোটি টাকা যোগ করা হলেও, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? ওই প্রতিষ্ঠানের দর এমনিতে ৮৩ কোটি টাকা বেশি, এর সঙ্গে ১২০ কোটি যোগ হয়ে প্রকৃত অর্থে ২০০ কোটি টাকা বেশি ধরে সিএমসিকে কাজ দেওয়া হবে। তিনি জানান, এটা দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নীতিমালারও লঙ্ঘন। তাঁরা এ ব্যাপারে দাতা সংস্থার কাছে অভিযোগ করবেন।সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, এ ধরনের দরপত্র মূল্যায়নে এডিবির নির্দেশিকার শর্ত (২ দশমিক ২২) অনুযায়ী কোনো প্রতিষ্ঠান যদি নির্দিষ্ট কোনো উপাদানের দর উল্লেখ না করে, সে ক্ষেত্রে অপর যেসব দরদাতা ওই উপাদানের যে দর উল্লেখ করবে, সেখান থেকে একটা গড় বের করে তা সবার দরপত্রে যোগ করে আর্থিক মূল্যায়ন করতে হবে। কিন্তু এ ক্ষেত্রে চতুর্থ সর্বনিম্ন দরদাতা একটি প্রতিষ্ঠানের দরকে সবার ওপর চাপালে সেটা গড় হয় না। আবার একটি কোম্পানির ক্ষেত্রে ব্যতিক্রম করা হয়েছে প্রভাবশালী একটি মহলের চাপে।অভিযোগ আছে, এ কারণে মূল্যায়নপত্রে কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্য সই করতে প্রথমে রাজি হননি। পরে চাপের মুখে সই করেছেন। যোগাযোগ করা হলে তাঁদের একজন প্রথম আলোকে চাপের কথা অস্বীকার করেন। তবে এই অস্বীকার করার কথাও লেখার ক্ষেত্রে যাতে তাঁর নাম উল্লেখ না করা হয়, সে জন্য তিনি এই প্রতিবেদককে অনুরোধ করেন।ওই কর্মকর্তা আরও বলেন, সবার দরের সঙ্গে ১২০ কোটি টাকা বাড়তি যোগ করে আর্থিক মূল্যায়ন হলেও সিএমসির ক্ষেত্রে না হওয়ার কারণ হলো দরপত্রে ‘ইনক্লুডেট’ (সংযুক্ত) কথা উল্লেখ রয়েছে। এর অর্থ হচ্ছে, দরপত্রে এইচজিপিআইয়ের মূল্যও অন্তর্ভুক্ত।দরপত্রে প্রতিটি যন্ত্রাংশ বা উপাদানের নাম ক্রমিক নম্বর অনুযায়ী উল্লেখ আছে, কিন্তু তাতে এইচজিপিআইয়ের উপাদানের পাশে কোনো দর উল্লেখ নেই; এ ক্ষেত্রে ‘সংযুক্ত’ শব্দটা কীভাবে বিবেচনায় নেওয়া হলো বা তাদের এইচজিপিআইর মূল্য কত—এই প্রশ্নের জবাবে মূল্যায়ন কমিটির ওই গুরুত্বপূর্ণ সদস্য কোনো সদুত্তর দিতে পারেননি। এ পর্যায়ে তিনি বলেন, বিষয়টি খুবই গোপনীয়। এ ব্যাপারে কোনো মন্তব্য করা বা তথ্য দেওয়া যাবে না।একই কোম্পানির অধীন সবকিছু একই ধরনের হওয়া সত্ত্বেও খুলনার বিদ্যুেকন্দ্রের ক্ষেত্রে এইচজিপিআইয়ের দর কেউ উল্লেখ করেনি। কিন্তু তাতে এ জন্য বাড়তি ১২০ কোটি টাকা কারও মোট দরের সঙ্গে যুক্ত করা হয়নি। এই যন্ত্রাংশটি যদি খুব গুরুত্বপূর্ণই হয়, তাহলে খুলনার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এ প্রসঙ্গে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘খুলনার মূল্যায়ন এখনো হাতে পাইনি। সেখানে যদি এমনটা না হয়, পরে সেটা নিশ্চয় দাতা সংস্থার পরামর্শকেরা তাঁদের পর্যবেক্ষণ দেবেন।’ তিনি সিরাজগঞ্জে সিএমসিকে কাজ পাইয়ে দিতে অন্য প্রতিষ্ঠানের দরপত্রে অন্যায়ভাবে ১২০ কোটি টাকা চাপিয়ে দেওয়াটাকে অযৌক্তিক মনে করেন না। কিন্তু তাঁর যুক্তিও স্পষ্ট করতে পারেননি। তিনি বলেন, এ ক্ষেত্রে অনিয়মের সুযোগ নেই।