সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৩য় দফা ধস
তিন দিনের ব্যবধানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে তৃতীয় দফায় ধসে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে হার্ড পয়েন্টের মসজিদের সামনে থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় ৯০ ফুট বাঁধ ধসে গেছে। তবে রাত দুইটার দিকে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আসে।পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১১টার দিকে হার্ড পয়েন্টের মসজিদের সামনে প্রথমে ধস শুরু হয়। রাত দেড়টা পর্যন্ত হার্ড পয়েন্টের প্রায় ৯০ মিটার বাঁধ ধসে নদীগর্ভে চলে যায়। ধস শুরুর সঙ্গে সঙ্গে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সিসি ব্লক আর বালুর বস্তা ফেলে ধস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের লোকজনও সিসি ব্লক আর বালুর বস্তা ফেলা অব্যাহত রাখে। রাত দুইটার দিকে ধস নিয়ন্ত্রণে আসে। ভাঙন এলাকায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তদারকি করছেন।ঘটনাস্থলে উপস্থিত সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সিসি ব্লক আর জিওটেক্সে বালু ভরে ডাম্পিং করে ধস ঠেকানোর চেষ্টা চালায়। প্রায় ৯০ মিটার বাঁধ ধসে গেছে বলে তিনি উল্লেখ করেন।প্রসঙ্গত, ১৮ জুলাই রাতে হার্ড পয়েন্টের পুরাতন জেলখানা ঘাটসংলগ্ন উত্তর পাশে আকস্মিক ধসে ৭০ মিটার এলাকা ধসে যায়। এরপর ২১ জুলাই বাঁধের ১০৫ মিটার এলাকা নদীগর্ভে ধসে যায়। গত শনিবার পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, স্থানীয় সাংসদ রুমানা মাহমুদ ও তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দুই মন্ত্রী ধসের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু তাঁরা যাওয়ার এক দিন পরেই আবারও ধস নামায় পানি উন্নয়ন বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ দিকে তৃতীয় দফা ধসের কারণে সিরাজগঞ্জ এখন আতঙ্কিত। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে।