সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস, পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল সোমবার রাতে যমুনা নদীতে দেওয়া শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে প্রায় ৭০ মিটার ধসে পড়েছে। তাত্ক্ষণিকভাবে সেটি রোধ করায় শহরে পানি ঢুকতে পারেনি। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখা এবং সেনাবাহিনী বালুর বস্তা ও সিসি ব্লক দিয়ে ফিলিংয়ের কাজ করছে। কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সকালে জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাতে শহরের পুরাতন জেলখানা থেকে ২০০ মিটার উত্তরে রক্ষা বাঁধ হার্ড পয়েন্টের (মিটারেজ এএসডি-৬২০ মিটার থেকে ৬৯০ মিটার পর্যন্ত) নিচে পানির মধ্য থেকে বুঁদ বুঁদ উঠতে থাকে। রাত ১১টা ২০ মিনিটের দিকে বাঁধের ব্লকগুলো আকস্মিভাবে ধসে পড়তে থাকে। রাত সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৭০ মিটার ধসে পড়ে। ধস নামার পর সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সেনাবাহিনী, র্যাব-১২ ও পুলিশের কয়েকটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। শত শত এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধসে যাওয়া স্থানে সিসি ব্লক নিক্ষেপ শুরু করে। পরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এবং সেনাবাহিনী বালুর বস্তা ও সিসি ব্লক এনে নৌকাযোগে নিক্ষেপ করে ধস রোধ করে।ঘটনাস্থলে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, কংক্রিট বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, বালুর বস্তা ফেলে ধস নিয়ন্ত্রণে আনার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০০৯ ও ২০১০ সালে এ বাঁধের তিনটি স্থানে বড় ধরনের ধসের ঘটনা ঘটে।