সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ৭০ মিটার অংশে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) ৭০ মিটার অংশ আকস্মিকভাবে ধসে গেছে। গত সোমবার রাত সোয়া ১১টার দিকে ধসের ঘটনা ঘটে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশেষায়িত শাখা সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।১৯৯৭ সালে পাউবোর বিশেষায়িত শাখার তত্ত্বাবধানে কোরীয় কোম্পানি হুন্দাই প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার শহররক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ করে। ২০০৯ সালের ১০ ও ১৭ জুলাই বাঁধটির দুটি অংশ মোট ৪০০ ফুট এলাকাজুড়ে ধসে যায়। এরপর ২০১০ সালের আগস্টে বাঁধের একটি স্থানে ধসের ঘটনা ঘটে।সিরাজগঞ্জ পাউবোর বিশেষায়িত শাখা ও প্রত্যক্ষদর্শী সূত্রের বর্ণনা অনুযায়ী, সোমবার রাত ১১টা ২০ মিনিটের দিকে শহরের পুরোনো জেলখানা থেকে ২০০ মিটার উত্তরে শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের নিচের অংশে পানির মধ্যে বুদ্বুদ উঠতে থাকে। বুদ্বুদ ওঠার কারণে বাঁধে স্থাপিত সিসি ব্লকের নিচের মাটি সরে যায় এবং বাঁধের হার্ড পয়েন্টের সেকশন ‘ডি’র ৬২০ থেকে ৬৯০ মিটার এলাকার ৭০ মিটার অংশ ধসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় কয়েক শ লোক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধসে যাওয়া স্থানে সিসি ব্লক ফেলা শুরু করে। একই সঙ্গে পাউবোর লোকজনও নৌকায় করে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলতে থাকে। রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, পাউবোর কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা, সেনাবাহিনী, র‌্যাব-১২ ও পুলিশের কয়েকটি দল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত বাঁধ রক্ষার কাজ তদারক করেন।ধসের এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ঘটনাস্থলে হাজির হলে পাউবোর দুজন শাখা কর্মকর্তা শাহ আলম ও ফজলুল হক ক্ষুব্ধ জনতার হাতে প্রহূত হন। পরপর তিন বছর বাঁধে ধস নামায় সিরাজগঞ্জ শহরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শহরবাসীর অভিযোগ, পাউবোর সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে।পাউবোর ওই কর্মকর্তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত পাউবোর বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে জানান, প্রতিদিন যে ব্যাথিমেট্রিক সার্ভে (বিশেষ একধরনের জরিপ) করা হয়, তাতে বাঁধের অংশের কোথাও কোনো ত্রুটি ধরা পড়েনি। সর্বশেষ গত রোববারের জরিপ প্রতিবেদনে দেখা যায়, বাঁধের নিচ থেকে নদীর ভেতরের দিকে প্রায় ৫০ মিটার দূরে একটি গর্তের সৃষ্টি হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে গর্তটি প্রসারিত হয়ে মাটি সরে গিয়ে বাঁধে ধস নামতে পারে। পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল হকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ধসে যাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ধস নিয়ন্ত্রণে আনার জন্য পাউবোর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।