সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হার্ড পয়েন্টের কাজীপুরঘাট এলাকায় এ ধসের ঘটনা ঘটে। ধসে যাওয়া স্থানে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু হয়েছে। এই কাজ তদারকের জন্য বগুড়া থেকে সেনা সদস্যদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বাঁধ এলাকায় র্যাপিড অ্যাকশন বাটালিয়ন (র্যাব) ও পুলিশ মোতায়েন করা হয়েছে।সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কাজীপুর ঘাট এলাকায় পাকা বাঁধের তলদেশ থেকে বুদ্বুদ উঠতে শুরু করে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার কর্মকর্তারা বেড়া পানি উন্নয়ন বোর্ড থেকে ডুবুরির দলকে ডেকে পাঠান। ডুবুরিরা বাঁধের তলদেশ থেকে ব্লক সরে যাওয়া এবং গর্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ডুবুরি দলের প্রধান শাহনেওয়াজ ভূঁইয়া বলেন, ঘূর্ণাবর্তের ফলে নদীর তলদেশে সিসি ব্লকের নিচের বালু সরে গেছে।পরে সন্ধ্যা ছয়টার দিকে বাঁধের ১০০ মিটার এলাকা ধসে যায়। এতে আতঙ্কিত লোকজন বাঁধসংলগ্ন এলাকা থেকে দোকানপাট ও ঘর সরিয়ে নেওয়া শুরু করে। উৎসুক লোকজন ধসের স্থানে ভিড় করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে ধসের পরপরই পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু করে। বগুড়া সেনানিবাস থেকে প্রকৌশল বিভাগের একটি দল সিরাজগঞ্জে পৌঁছে কাজের তদারক শুরু করে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও কাজের তত্ত্বাবধান চলে। ঢাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন বলেও জানা গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক জানান, বাঁধের ১০০ মিটার অংশ ধসে গেছে। ধসে যাওয়া স্থানে সিসি ব্লক এবং বালুর বস্তা ফেলা হচ্ছে। পরিস্থিতি এখনো ঝুঁকিমুক্ত নয়। উল্লেখ্য, ধসে যাওয়া অংশের অদূরেই গত বছর ১০ জুলাই ১৫০ ও ১৭ জুলাই ২০০ মিটার বাঁধ ধসে যায়। আড়াই শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হার্ড পয়েন্টে বার বার ধস নামায় সিরাজগঞ্জবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বছরের ধসে যাওয়া স্থান দুটি প্রায় ১৭ কোটি টাকা ব্যয় দুই মাস আগে মেরামত করা হয়েছে। এর ঠিক উত্তর পাশে আবারও ধস নামায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ধস এলাকায় পানি উন্নয়ন বোর্ড লাল পতাকা উড়িয়ে দিয়েছে।