সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্ট এলাকা থেকে ভাটপিয়ারী পর্যন্ত প্রায় আট কিলোমিটার যমুনা নদীর পশ্চিম তীরে স্থায়ীভাবে সংরক্ষণের কাজ করায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। ফলে ভাঙনরোধ হওয়ায় এই অংশের পূর্বে বিশাল এলাকাজুড়ে চর জেগে উঠতে শুরু করেছে। চরে বসতবাড়ি এবং চাষাবাদ শুরু করতে পারবে—এই আশায় লোকজন খুশি। অন্যদিকে স্থায়ী বাঁধের উত্তরদিকে কাজিপুর উপজেলায় স্থায়ীভাবে তীর সংরক্ষণ কাজ না হওয়ায় ভবিষ্যতে ভাঙন অব্যাহত থাকবে বলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকারের নিজস্ব অর্থায়নে ২৫৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ৭ দশমিক ৬৯ কিলোমিটার দীর্ঘ যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় স্থায়ীভাবে কাজ ২০০৭-০৮ অর্থবছরে শুরু হয়। সিসি ব্লক দিয়ে দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচে পুরো এলাকা পাকাকরণ করা হয়। ফলে এই অংশে পানি বাধাগ্র্রস্ত হয়ে গতিপথ পরিবর্তিত হওয়ায় ভাঙনরোধ হয়। গত বছর এই কাজের ৫০ ভাগ সম্পন্ন হওয়ায় নদীতীরে কোন ভাঙন দেখা দেয়নি। দুই বছরে এই এলাকার আট বর্গ কিলোমিটারজুড়ে চর জেগে উঠেছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই এই এলাকায় নতুন বসতি স্থাপন হবে। ইতিমধ্যেই জেগে ওঠা চরএলাকায় চাষাবাদ শুরু হয়েছে। বর্তমানে এই তীর সংরক্ষণ কাজের ৭০ ভাগ শেষ হয়েছে। বন্যার আগেই বাকি কাজগুলো সম্পন্ন করা হবে।অন্যদিকে ভাটপিয়ারী এলাকা থেকে উত্তরদিকে কাজিপুর অংশে প্রায় বিশ কিলোমিটার অংশে নদীর তীর সংরক্ষণ কাজ হাতে না নেওয়ায় এই অংশে প্রতি বছর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের কারণে লোকজন এই এলাকা থেকে বাড়িঘর সরিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। জমিহারা হচ্ছেন কৃষকেরা। এই এলাকার সাধারণ জনগণের দাবি—সিরাজগঞ্জ অংশের জন্য যেভাবে স্থায়ী কাজ করা হয়েছে, তেমনি কাজিপুর অংশেও একইভাবে কাজ করা না হলে এ এলাকার অস্তিত্ব বিলীন হতে থাকবে।ভাটপিয়ারী এলাকার জসিম উদ্দীন ও শৈলাবাড়ী এলাকার কাজেম মিয়া বলেন, তীর সংরক্ষণ সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকে ভাঙনরোধ হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে ওঠায় গত বছর থেকে আমরা আবাদ শুরু করি। ইতিমধ্যেই এই চর এলাকায় ইরি-বোরোসহ শাকসবজির আবাদ করে অনেকেই লাখ লাখ টাকা আয় করেছে। কাজিপুর উপজেলার শুভগাছা এলাকার আমিনুল ইসলাম, শাহজাহান আলী জানান, এই এলাকার শিমলা, শুভগাছা এলাকার স্পারটি দীর্ঘদিন ধরে মাটিশূন্য। যে কারণে বন্যার সময় ভাঙন অব্যাহত থাকছে। গত দুই বছরে শুভগাছা ইউনিয়নের বাহুকা থেকে শিমলা পর্যন্ত চার কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। এই ভাঙনরোধে কোন কাজই করা হয়নি। যে কারণে সিরাজগঞ্জ সদরের মতো এখানে স্থায়ী কাজ না হলে কোটি কোটি টাকার সম্পদ নদীতে বিলীন হবে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, স্বল্প ব্যয়ের প্রকল্পে দেশীয় প্রযুক্তির কাজ করে একদিকে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে, অন্যদিকে নতুন প্রযুক্তির কাজ করায় তীর সংরক্ষণের স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। কাজিপুর অংশের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারি উচ্চমহলে আলাপ-আলোচনা হচ্ছে। তাছাড়া বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিতে আছে। আগামীতে বরাদ্দ এলে এখানেও স্থায়ীভাবে কাজ করা হবে। বর্তমানে কোন প্রকল্প না থাকায় আপাতত কাজ করা সম্ভব হচ্ছে না।