সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সরকারি কলেজে আজ বৃহস্পতিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের জন্য সংগঠন দুটো পরস্পরকে দায়ী করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে কলেজের অধ্যক্ষ এস আই এম এ আবদুর রাজ্জাকের সঙ্গে জেলা ছাত্রদল নেতাদের তর্ক হয়। এ ঘটনার জের ধরে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের দুই নেতাকে মারধর করে একটি রুমে আটকে রাখে। আটকের খবর পেয়ে ছাত্রদল ও বিএনপির কর্মীরা একসঙ্গে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংষর্ঘ বাধে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে। এ সময় কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা-কর্মীরা প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে আটকে রাখা ছাত্রদল নেতাদের ছাড়িয়ে নিয়ে যায়।পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুনরায় ছাত্রদলের কর্মীদের ওপর হামলা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা পিছু হটে ফজল খাঁ সড়কে চলে আসে। সংঘর্ষ আলিয়া মাদ্রাসা সড়ক ও ইবি রোডে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে উভয় সংগঠনের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের সময় পুলিশ ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে র্যাব-১২ ও পুলিশ ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই সব স্থানসহ শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘ছাত্রদলের দুই সন্ত্রাসী অধ্যক্ষের রুমে প্রবেশ করে তাঁকে গালিগালাজ এবং কলেজের জানালা ভাঙচুর করায় শিক্ষক ও সাধারণ ছাত্ররা তাদের আটক করে পুলিশ ও আমাদের খবর দেয়। কিন্তু পুলিশ ও আমরা যাওয়ার পূর্বেই ছাত্রদলের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।’ অপরদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে রাজেশ বলেন, ‘জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জু ও জেলা ছাত্রদলের নেতা নিবিড় দুজনেই সরকারি কলেজের ছাত্র। তারা আজ সকালে কলেজ ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের ক্যাডাররা তাদের মারধর করে রুমে তালাবদ্ধ করে রাখে। পরে তাদের ছাড়ানোর জন্য বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজে গেলে ছাত্রলীগ ক্যাডাররা আমাদের ওপরও হামলা করে।’