সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের ভাঙন নিয়ে সিরাজগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটন করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে জরিপ করে প্রয়োজনে হলে হার্ড পয়েন্ট পুনর্নির্মাণ করা হবে।আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্টের ধসে যাওয়া এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।রমেশ চন্দ্র সেন আরও বলেন, প্রয়োজনে নদীর গতিপথ নিয়ন্ত্রণ করতে অল্প দিনের মধ্যেই যমুনার বক্ষে জেগে ওঠা ২২ কিলোমিটার চর ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণের কাজ শুরু করা হবে। এরই মধ্যে ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এসব কাজের জন্য সিরাজগঞ্জবাসীকে ধৈর্য ধরতে হবে।পানিসম্পদ মন্ত্রণালয় থেকে গঠিত পাঁচ সদস্যের একটি দল গতকাল শুক্রবার থেকে সরেজমিনে এসে ধস নামার বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তকারী দলের আহ্বায়ক আইডব্লিউএমের নির্বাহী পরিচালক বুয়েটের অধ্যাপক মনোয়ার হোসেনকে। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আবদুল মোমিন, অতিরিক্ত মহাপরিচালক আজিজুল হক, সিইজিএসের উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার ও পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেন ওই কমিটির সদস্য। ১০ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।