সিরাজগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু
সিরাজগঞ্জের সদর উপজেলার চর ছোনগাছা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে সুখিতন বেগম (২৫) নামের একজন নারী ও তাঁর চার মাসের মেয়ে সুবর্ণার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুখিতন বেগমের আরেক মেয়ে নাইমা (৩) মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে চর ছোনগাছা গ্রামের নজরুল ইসলামের টিনের বসতবাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালার ওপর পড়ে। এতে ঘরে ও আশপাশের গাছে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন দুটি শোয়ার ঘর, গোয়াল ঘর ও রান্না ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে ঘুমিয়ে থাকা নজরুলের স্ত্রী সুখিতন ও মেয়ে সুবর্ণা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘরের দরজা ও বেড়া ভেঙে মারাত্মক আহত অবস্থায় সুখিতনের আরেক মেয়ে নাইমাকে উদ্ধার করে এলাকাবাসী। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নজরুল সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতশ্রমিকের কাজ করেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক শহিদুজ্জামান বলেন, ঘটনার সময় হালকা ঝোড়োবাতাস ছিল। গাছের ডালের সঙ্গে ঘর্ষণের কারণে বিদ্যুতের তারের ছিঁড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক নূরুন্নবী জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।