সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত যাত্রী বোঝাই না করা, প্রধান সড়কে অবৈধ হিউম্যান হলার চলাচল বন্ধ করাসহ আট দফা দাবিতে সিরাজগঞ্জ জেলার মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। ফলে সিরাজগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন জানান, এসব দাবিতে ২০০৯ সালে স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ১৩ আগস্ট সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক এবং ১৪ আগস্ট সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়। তার পরও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আলাপ-আলোচনা করে সমাধান করা হবে।’