সিরাজগঞ্জে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীর তীরবর্তী বয়ড়া মাসুমচরে এক অভিযান চালিয়ে পুলিশ পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ আজিজল নামের এক ব্যক্তি এবং তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে।সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী জানান, গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বয়ড়া মাসুমচরে অভিযান চালায়। এ সময় পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালিয়ে আজিজল (৫৫) এবং তাঁর ছেলে বেল্লাল (৩০) ও স্বপনকে (২৫) অস্ত্রসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ তিনটি পিস্তল, একটি গুলি, একটি চায়নিজ কুড়াল ও একটি ধারালো ছুরি উদ্ধার করে। দেলোয়ার হোসেন সাঈদী আরও জানান, আটককৃতরা বেলকুচি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে ওই এলাকায় নৌ-ডাকাতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের এখন বেলকুচি থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।