সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স-আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত জেলার বেলকুচি উপজেলায় একজন ও কামারখন্দে আরও পাঁচজন রোগীর সন্ধান মিলেছে। সব মিলে সিরাজগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৬। এদিকে অবস্থার অবনতি হওয়ায় দুজন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বেসরকারি হিসাবে, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন উপজেলায় কমপক্ষে ৬০টি গবাদিপশু মারা গেছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় ১৯টি গরু ও তিনটি ছাগল এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে।সিভিল সার্জন নুরুল ইসলাম তালুকদার বলেন, কামারখন্দ ও বেলকুচি উপজেলায় কিছু রোগী পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কামারখন্দ উপজেলায় ৮৮ জন, বেলকুচি উপজেলায় ৫২ জন এবং শাহজাদপুর উপজেলায় ৫৬ জন অ্যানথ্রাক্স-আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। সিভিল সার্জন বলেন, পরিস্থিতি বর্তমানে অনুকূলে আছে। অ্যানথ্রাক্স পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।অবস্থার অবনতি হওয়ায় কামারখন্দ উপজেলার ধলেশ্বর গ্রামের আমির হামজা নামের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শিশুটির অ্যানথ্রাক্সের ঘায়ের পাশাপাশি চোখের সমস্যাও দেখা দিয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য কামারখন্দ উপজেলার আদাচাকী গ্রামের লাল মিয়াকে (৬৫) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে জেলার বিভিন্ন গ্রাম ঘুরে বন্যার পানিতে গরুর গলিত মৃতদেহ ভেসে থাকতে দেখা গেছে। এসব গবাদিপশুর পচা দেহ থেকে দুর্গন্ধ ছড়ালেও কেউ তা দেখছে না। এগুলো অ্যানথ্রাক্সে মারা গেছে কি না, তা শনাক্ত করারও উদ্যোগ নেওয়া হচ্ছে না।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আক্রান্ত এলাকার গবাদি পশুগুলোকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন শ্রেণীতে ভাগ করে প্রতিষেধক দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ‘এ’ শ্রেণীভুক্ত পশুগুলোকে প্রতিষেধক দেওয়া হয়েছে। বাকি গবাদি পশুগুলোকেও দ্রুত প্রতিষেধক দেওয়া হবে। আক্রান্ত এলাকা পরিদর্শন: কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়ায় অ্যানথ্রাক্স-আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী। গতকাল দুপুরে তিনি জেলার দৌলতপুর উপজেলার দুটি গ্রাম পরিদর্শন করেন। এ সময় ওই এলাকায় ছাগল ও গরুকে প্রতিষেধক দেওয়া হয়। গত তিন দিনে কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় ৩৬ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।