সিরাজগঞ্জে আ.লীগ ও বিএনপির সংঘর্ষ: আহত অর্ধশত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকায় টেন্ডার দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।আজ বুধবার দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২২ রাউন্ড গুলি ও ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে সিরাজগঞ্জ পৌরসভায় একটি স্থানে মাটিভরাটের জন্য ২০ লাখ টাকার টেন্ডার দাখিলের তারিখ ছিল। এই টেন্ডারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল আহত হলে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ সময় তাঁরা দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে সংঘর্ষটি শহরের এস এস রোড, গোশালা, পৌরসভা রোড, মুজিব সড়ক, ঢাকা রোড, ইলিয়ট ব্রিজ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয়। এ ঘটনায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে হামলা চালানোসহ পলি ক্লিনিক, দুটি মোটরসাইকেল ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২২ রাউন্ড শর্টগানের গুলি ও ১৬ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী হাসান জানান, টেন্ডারের বিষয়টিকে ইস্যু করে বিএনপির নেতা-কর্মীরা পরিবেশ অস্থিতশীল করার জন্য এই হামলা চালিয়েছে। বিষয়টি পৌরসভার নিজস্ব। এখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মোকাদ্দেস আলী জানান, ‘সংঘর্ষের সময় আমি পৌরসভায় ছিলাম না। তবে শুনেছি পৌরসভার টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীকে মারধর করায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষই অন্যায়ভাবে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।