সিরাজগঞ্জে আরও তিন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও দুজন এবং চকহরিপুর গ্রামে একজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এ নিয়ে গত সাত দিনে ৪৮ জন রোগী শনাক্ত করা হলো। আজ শুক্রবার প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল শাহজাদপুর ও উল্লাপাড়ার বিভিন্ন আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন গবাদি পশুর রক্ত সংগ্রহ করেন।সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নাজিম উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৬ মে শাহজাদপুরের বড় মহারাজপুর গ্রামের হানিফ মোল্লার একটি ছাগল অসুস্থ হওয়ার পর বাড়ির লোকজন ছাগলটি জবাই করে মাংস কাটাকাটি করে। এর সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের মধ্যে দুজনের এবং চকহরিপুর গ্রামের একজন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিত্সা দেওয়া হয়েছে।প্রতিটি ইউনিয়নে ও আক্রান্ত এলাকায় চিকিত্সকদল কাজ অব্যাহত রেখেছে। রোগীদের খুঁজে বিনা মূল্যে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আশরাফ আলীর নেতৃত্বে একটি তদন্ত দল আজ শাহজাদপুর উপজেলার সড়াতৈল ও উল্লাপাড়া উপজেলার সাতবিলা গ্রাম পরিদর্শন করেন। এ সময় তারা ১৩টি গবাদি পশুর রক্তের নমুনা সংগ্রহ করে। মহাপরিচালক জানান, আক্রান্ত এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সব মাঠকর্মী আক্রান্ত এলাকায় নিয়োজিত রয়েছে। এ বিষয়ে এখন আর কোনো আতঙ্ক নেই।