সিরাজগঞ্জে আরও ৮ অ্যানথ্রাক্স রোগীর সন্ধান
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আজ শনিবার নতুন করে আরও আটজন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এরা উপজেলার নাদা গ্রাম ও পার্শ্ববর্তী চকহরিপুর গ্রামের বাসিন্দা। তাদেরকে সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে দুই দিনে জেলার শাহজাদপুর ও উল্লাপাড়ায় মোট ২৮ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল।উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের নাদা গ্রামের বাসিন্দা আবদুল আলিম জানান, নাটোরের লালপুর থেকে ধান পরিবহন করার জন্য একটি মহিষের গাড়ি সম্প্রতি উল্লাপাড়ায় আসে। ২২ মে একটি মহিষ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেটি কিনে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। মাংস কাটাকাটির সঙ্গে জড়িতদের শরীরে গতকাল শুক্রবার থেকে অ্যানথ্রাক্স রোগের লক্ষণ দেখা দেয়। আক্রান্তদের আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয়।চকহরিপুর গ্রামের ফাতেমা খাতুন জানান, কম দামে তাঁদের বাড়িতে মহিষের মাংস নিয়ে আসা হয়। ওই মাংস ধোয়া ও রান্নার কাজ তিনি করেছেন।উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অ্যানথ্রাক্সের লক্ষণ নিয়ে নাদা গ্রাম থেকে আসা আবদুল আলিম (৩২), সাইদুর রহমান (৩৫), মহসিন রেজা (৩৫), নাজমা বেগম (৩১), স্বপন মিয়া (২৭) এবং চকহরিপুর গ্রামের মাসুদ রানা (২৮), ফজর আলী (২৮) ও ফাতেমা বেগমকে (৩০) চিকিত্সা দেওয়া হয়েছে। এঁদেরকে পাঁচ ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিত্সা দিয়ে ওষুধপত্রসহ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ রোগ ছোঁয়াচে নয়। হাসপাতালে প্রচুর ওষুধ আছে। তাই আতঙ্কের কোনো কারণ নেই।