সিরাজগঞ্জে কর্মিসভায় ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫, আলীম লাঞ্ছিত
সিরাজগঞ্জের হাটিকুমরুলের একটি হোটেলে আজ বুধবার জেলা ছাত্রদলের এক কর্মিসভা চলাকালে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামও লাঞ্ছিত হন। দলীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বর্তমান অভ্যন্তরীণ কোন্দল নিরসনে বুধবার ওই কর্মিসভা আহ্বান করা হয়। কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান ওরফে আলীম সভায় যোগ দেন। বেলা ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি মির্জা মোস্তফা জামান, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে কর্মীরা সভায় যোগ দেন। এর কিছুক্ষণ পরে জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, ছাত্রদলের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মুরাদ এবং থানা সভাপতি আলামিনের নেতৃত্বে অপর একটি দলের কর্মীরাও সভায় আসে।সভার শুরুতেই জেলা সভাপতি তাঁর বক্তব্য কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের শুনতে বলেন। কিন্তু জেলা ছাত্রদলের নেতারা টুকু ও আলীমের বক্তব্য শুনবেন না বলে চিত্কার শুরু করেন। এ সময় জেলা বিএনপির সভাপতির সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। জেলা ছাত্রদলের নেতারা তার প্রতিবাদ করলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সংঘর্ষ বাইরে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ছাত্রদলের সাধারণ সম্পাদকের জামা ছিঁড়ে ফেলে প্রতিপক্ষ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে লাঠি, দা ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। একসময় সংঘর্ষ উত্তরবঙ্গ মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচলকারী সব যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ছাত্রদলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে সিরাজগঞ্জ শহরে এসে বিএনপির সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।নেতা-কর্মীরা জানায়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জেলা ছাত্রদলের কতিপয় নেতাকে বহিষ্কার করার জন্য ছাত্রদলের একটি অংশকে ব্যবহার করলে ছাত্রদল দ্বিধাবিভক্ত হয়ে পরে। এ জন্য কয়েক দিন আগে জেলা বিএনপির সভাপতিকে দায়ী করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর লিখিত পত্র প্রেরণ করে। এর ফলে বিরোধ আরও তুঙ্গে ওঠে। এরই ধারাবাহিকতায় দুই গ্রুপ গতকাল বুধবার কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে কর্মিসভায় যোগ দিলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।