সিরাজগঞ্জে কালোবাজারে বিক্রিকালে বিএডিসির ধানবীজ উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়ীয়া বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উচ্চফলনশীল বোরো ধানের বীজ কালোবাজারে বিক্রিকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ৩৮ বস্তা বোরো ধানের বীজ ও এক বস্তা মেয়াদোত্তীর্ণ কীটনাশক ওষুধ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার পিপুলবাড়ীয়ার দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা পুলিশ অবৈধভাবে বিএডিসির বীজ উচ্চমূল্যে বিক্রির অভিযোগে পিপুলবাড়ীয়া বাজারের রনী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজর আলীর ছেলে মইনুল হক (৩৮), একই বাজারের রাসেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফয়েজ আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫) এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক বিএডিসির অনুমোদিত ডিলার সিরাজগঞ্জ শহরের মেসার্স ঢাকা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মামুনুল ইসলাম পাপ্পুকে আটক করে। ৩৮ বস্তা বোরো ধানের বীজ ও এক বস্তা মেয়াদোত্তীর্ণ কীটনাশকও উদ্ধার করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহম্মেদ জানান, বিএডিসির ডিলার মামুনুল বেশি মুনাফা লাভের আশায় সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে বোরো বীজ কালোবাজারে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।