সিরাজগঞ্জে কালোবাজারে বিক্রিকালে ৩৬৯ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্থ ও হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা বিশ্বখাদ্য সংস্থার বিক্রিনিষিদ্ধ ৩৬৯ বস্তা (৫০ কেজি ওজনের বস্তা) চাল কালোবাজারে বিক্রির সময় আটক করা হয়েছে। সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর একটি দল গতকাল রোববার রাত নয়টার দিকে শহরের রামগাতী এলাকার ভাই ভাই চালকলের গুদাম থেকে এগুলো আটক করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২-এর কমান্ডার মো. শহিদ উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত নয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল ভাই ভাই চালকলের গুদামে অভিযান চালায়। ওই গুদাম থেকে বিশ্বখাদ্য সংস্থার সিলমারা ৫০ কেজির বস্তা থেকে ১০০ কেজির বস্তায় বদল করার সময় বস্তার ওপরে লেখা ‘বিক্রয়ের জন্য নহে’ ৩৬৯ বস্তা চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালকলের মালিকের ভাই হজরত আলী, ব্যবস্থাপক দেলশাদ, শ্রমিকনেতা নুরুল হুদা ও আলী হোসেন নামের চারজনকে আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালকলের মালিক আবু তাহের পালিয়ে যান। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হোসেন জানান, বিশ্বখাদ্য সংস্থার সিলমারা (বিক্রয়ের জন্য নহে) এই চাল অবৈধভাবে রাখার অভিযোগে ভাই ভাই চালকলের গুদাম সিলগালা করা হয়েছে। একই সঙ্গে এই চালকলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে।