সিরাজগঞ্জে কেন্দ্র দখলের অভিযোগে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে একজন সদস্য পদপ্রার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে তাঁদের আটক করা হয়।থানা পুলিশ ও সংশ্লিষ্ট ভোটকেন্দ্র সূত্র থেকে জানা গেছে, ভোট চলাকালে পৌনে একটার দিকে হাটিকুমরুল ইউনিয়নের সদস্য পদপ্রার্থী লিটন ভূঁইয়ার নেতৃত্বে ২০০ থেকে ২৫০ সমর্থক রাশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চারটি ফাঁকা গুলি ছুড়ে। এতে আধা ঘণ্টার জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে।পুলিশ সদস্য পদপ্রার্থী লিটন ভূঁইয়া এবং তাঁর সমর্থক ইসমাইল হোসেন ও মনির হোসেনকে আটক করে। পরে পরিস্থিতি শান্ত হলে সোয়া একটার সময় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এই কেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলা থেকে ভোটকেন্দ্রকে রক্ষা করতেই চারটি গুলি ছোড়া হয়েছে।অন্যদিকে উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের নলসোন্ধা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাঈদের নেতৃত্বে তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের এজেন্ট শরিফুল ইসলাম মাথায় আঘাত পান। পরে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ওই কেন্দ্রে ১৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।