সিরাজগঞ্জে খিরা চাষে নীরব বিপ্লব
সিরাজগঞ্জের কাজিপুর, শাহজাদপুর, উল্লাপাড়াসহ বৃহত্তর চলনবিল এলাকায় এবার খিরা চাষে নীবর বিপ্লব ঘটিয়েছেন কৃষকেরা। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ও সহায়তা না পেলেও এ জনপদের কৃষকদের উত্পাদিত খিরা বিক্রি থেকে দেশের কৃষি অর্থনীতিতে বাড়তি আয় যোগ হয়েছে। খিরার বাম্পার ফলন ও উচ্চমূল্যের কারণে অতীতের রবিফসলের ব্যাপক ক্ষতি কাটিয়ে বাড়তি আয়ে কৃষকদের মনে খুশির জোয়ার বইছে। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃহত্তর চলনবিলসহ এই উপজেলার কৃষকেরা মাঠে নেমে পড়েন রবি সরিষা চাষাবাদে। কিন্তু এবার বাপ-দাদার আমল থেকে চলে আসা চলনবিলের কৃষকদের নিত্য কৃষি আবাদের ছন্দপতন ঘটেছে। গত কয়েক বছরের রবি সরিষার আবাদে প্রাকৃতিক বিপর্যয় আর ব্যাপক দরপতনের কারণে এ জনপদের কৃষকেরা এবার নতুন ফসল খিরা চাষে ব্যাপক আগ্রহী হয়েছেন। সহজ আর অল্প দিনে বেশি লাভ হওয়ার কারণে চলনবিল এলাকায় খিরার চাষ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পুষ্টিগুণ ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় এবার খিরার ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। সরেজমিনে চলনবিলের উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ, সলঙ্গা, রায়গঞ্জ, ভাঙুড়া, চাটমোহর এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার তাঁরা মহাখুশি। প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকায় খিরার আবাদ এবার ভালো হয়েছে। খিরার গাছগুলো দিনদিন তরতর করে বেড়ে উঠছে। আগাম জাতের গাছে ইতিমধ্যেই ব্যাপক ফলন পাচ্ছেন কৃষকেরা। সদরের রোস্তম আলী জানান, তিনি এবার তিন বিঘা জমিতে খিরার চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমিতে হাইব্রিড খিরা। এ পর্যন্ত ১২০ মণ খিরা বিক্রি করেছেন। প্রতি মণ খিরা ৫৫০ থেকে ৬৫০ টাকা। প্রতি বিঘা জমিতে তাঁর খিরা চাষে খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। আর প্রতি বিঘা জমির খিরা বিক্রি করেন ৭০ থেকে ৮০ হাজার টাকা। খিরা বিক্রির পর তিনি এই জমিতে আবার ইরি ধান রোপণ করবেন। উল্লাপাড়া উপজেলার বৃহত্ চরপাড়া খিরার আড়তের পাইকারি মহাজন নুর ইসলাম জানান, ঢাকার কাওরান বাজারে ‘সিটি বাণিজ্যালয়’ নামে তাঁর একটি সবজির আড়ত রয়েছে। উল্লাপাড়ার এই আড়ত থেকে খিরা কিনে তাঁর আড়তের মাধ্যমে বিক্রি করছেন তিনি। এই পাইকারি আড়ত থেকে তিনি ৫৫০ থেকে ৬৫০ টাকা দরে খিরা ক্রয় করছেন।উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোহাম্মাদ জানান, অতীতের তুলনায় এবার অধিক লাভের আশায় ব্যাপক খিরার চাষ হয়েছে, ফলনও ভালো। তিনি উল্লেখ করেন, অন্যান্য বছরের চেয়ে উল্লাপাড়াসহ চলনবিল এলাকায় খিরার ব্যাপক ফলন কৃষকদের এক নীরব বিপ্লব। খিরার বাম্পার ফলনে কৃষকেরা অতীতের ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন অনেকটাই।