সিরাজগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিএনপির ডাকা হরতাল চলছে। সকাল থেকে হরতালকারীরা কয়েকটি এলাকায় গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা খণ্ড খণ্ড মিছিল করে। সদরের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় হরতালকারীদের হামলায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ (২৫) গুরুতর আহত হন।

সীমান্ত বাজার এলাকায় মহাসড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে হরতালের সমর্থকেরা। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ১৬টি জেলার যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে বিএনপি সকালে জেলা শহরে দুবার মিছিল করে। সদরের মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় হরতালকারীদের হামলায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ (২৫) গুরুতর আহত হন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘হরতালকারীরা গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে। মুলিবাড়ীতে আওয়ামী লীগের মাসুদ নামের এক নেতা আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

শাহজাদপুরে হরতালের বিপক্ষে লাঠি মিছিল

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৌর শহরে হরতালের বিপক্ষে লাঠি মিছিল করেন। শাহজাদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, উপজেলা সদরের সামনে ককটেলের মতো একটি বস্তু ফেলে রাখা হয়। সেটি পরীক্ষা করা হয়েছে। এর ভেতরে শুধু ইটের গুঁড়া পাওয়া গেছে। জামায়াত-বিএনপির কর্মীরা জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য লাল টেপ জড়িয়ে ককটেলের মতো বস্তুটি সেখানে ফেলে যায়।

খণ্ড খণ্ড মিছিল

সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ফকিরতলা, সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকায় হরতালকারীরা গাছ ফেলে অবরোধ করে রাখে। এখানে তারা খণ্ড খণ্ড মিছিল করে। উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা ও শ্রীকোলা এলাকায় হরতালকারীরা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

উল্লাপাড়ায় মামলা

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে শিবিরকর্মী মাহফুজ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বাদী হয়ে জামায়াত-শিবিরের ৭০০ জনকে আসামি করে মামলাটি করেন।

কয়েকটি এলাকায় ১৪৪ ধারা

গতকালের সংঘর্ষের পর উল্ল¬াপাড়া পৌর শহর, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ী থেকে বোয়ালিয়া পর্যন্ত আট কিলোমিটার রাস্তায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এ ছাড়া, আগে থেকেই পৌর শহরের শ্রীকোলা, বাখুয়া ও ওয়াপদা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি আছে।