সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর, লাঠিপেটা
সিরাজগঞ্জে আজ মঙ্গলবার ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। সকাল সাড়ে আটটার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের কাজিপুর মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন হরতালের সমর্থকেরা। ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার দাদপুর বাজারে তিনটি ও চান্দাইকোনায় একটি ট্রাক ভাঙচুর করেছেন হরতালকারীরা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একই সময় সিরাজগঞ্জ শহরের জগাইমোড়ে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ চারটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে। প্রায় আধা ঘণ্টার সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হরতালের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে।এর আগে সকাল সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন ১৮ দলের নেতা-কর্মীরা।শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। রিকশা ও রিকশাভ্যান চলাচল স্বাভাবিক। তবে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।