সিরাজগঞ্জে ঘোল উত্সব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত সলপ গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক ঘোল উত্সব। জেলা শহরের প্রভাতী সংঘের উদ্যোগে সলপ রেলস্টেশনের উত্তর পাশে আয়োজিত এ উত্সব আজ শুক্রবার ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে ১৫ মন ঘোল, চিঁড়া, মুড়কি দিয়ে শতাধিক লোককে আপ্যায়ন করা হয়। ব্রিটিশ আমলে সলপের রেলস্টেশনের উত্তর পাশে ঘোষ সম্প্রদায় ঘোল ব্যবসা শুরু করে। তবে ঘোষ সম্প্রদায় দেশ থেকে চলে যাওয়ার পর রাঘববাড়িয়া গ্রামের সাদেক আলী খান এ ব্যবসা শুরু করেন। সুস্বাদু ও প্রসিদ্ধ হওয়ায় তখন এ ঘোল রেলপথে কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। বর্তমানে সাদের আলীর বংশধরেরা এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে এটি বাঙালির সংস্কৃতির ঐতিহ্য হওয়ায় প্রতিবছর এ দিনটিতে ঘোল উত্সব পালন করে আসা হচ্ছে।অনুষ্ঠানে ঘোল উত্সব কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল আজিজ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আলাউদ্দীন খান, জাহাঙ্গীর আলম রতন, গোলাম রব্বানী বাবু, আবদুল হাই, ফেরদৌস আলম প্রমুখ। সকালে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কীভাবে ঘোল তৈরি করা হয় তা দেখানো হয়।