সিরাজগঞ্জে আভিসিনা নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ওই হাসপাতালের পরিচালক, গাইনি চিকিত্সকসহ ছয়জনকে আটক করেছে। বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালটিতে ভাঙচুর করেছে। পুলিশ, হাসপাতাল ও রোগীর আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার স্টেশন রোড কয়লাপট্টি এলাকার ব্যবসায়ী চন্দন সাহার স্ত্রী সোমা সাহা (৩২) অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে গাইনি চিকিত্সক ডা. শামিমা আজিজের তত্ত্বাবধানে ছিলেন। আগামী ৪ আগস্ট তাঁর সন্তান প্রসবের দিন ধার্য ছিল। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ব্যথা শুরু হলে তাঁকে আভিসিনা হাসপাতালের চিকিত্সক শামিমা আজিজের কাছে আনা হয়। তাঁর পরামর্শে সোমাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সোমার রক্তক্ষরণ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ডা. শামিমাকে খবর দিলে তিনি এসে তাঁর চিকিত্সা করেন। কিন্তু ভোর পাঁচটার দিকে সোমার মৃত্যু হয়। রোগীর স্বামী চন্দন সাহার অভিযোগ, ডা. শামিমা ঠিক সময়ে রোগীকে ডেলিভারি করালে এমনটা হতো না। সোমার অবস্থা খারাপ হলে চিকিত্সক কৌশলে হাসপাতাল ত্যাগ করেন।এ ব্যাপারে আভিসিহা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোসাদ্দেক হোসেন মাসুম মিয়া বলেন, রোগীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অপারেশন করা হয়েছে। রোগীকে রক্তও দেওয়া হয়েছে। তার পরও প্রসূতি মা মারা গেছেন।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, রোগী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে শত শত লোকজন হাসপাতালে এসে ভাঙচুর চালায়। এ সময় হাসপাতালের চিকিত্সক, নার্স ও কর্মচারীরা পালিয়ে যান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ হাসপাতাল থেকে হাসপাতালের পরিচালক ও সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ শহিদুল্লাহ, নার্স কানিজ ফাতেমা, সুলতানা ইয়াসমিন, তিন্নি খাতুন ও স্টাফ আকাশকে আটক করে থানায় নিয়ে যায়। পরে চিকিত্সক ডা. শামিমা আজিজকে তাঁর আমলাপাড়া বাসা থেকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।