সিরাজগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সরকারি কলেজে আজ শনিবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সদস্য মো. সাইদুল ইসলাম ও ছাত্রদলের কলেজ শাখার অর্থ সম্পাদক আবদুস সালামকে আটক করা হয়েছে। এ ছাড়া ইমন হোসেন, সোহেল রানা ও আমির হোসেন নামের তিন ব্যক্তিকেও আটক করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় দুই পক্ষ রামদা, হকিস্টিক, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান, উপপরিদর্শক (এসআই) মনির হোসেনসহ পুলিশের সাত সদস্য আহত হন। এ ছাড়া সংঘর্ষে ছাত্রলীগের ২৫ জন এবং ছাত্রদলের ২০ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ৫২টি শেল ও ৭২টি রাবার বুলেট নিক্ষেপ করে। অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান বলেন, ছাত্রদলের সন্ত্রাসীরা কলেজের দক্ষিণ গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করে।জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা সম্পর্কে জানতে ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। হামলা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে।