সিরাজগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৬
সিরাজগঞ্জ সরকারি কলেজ কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল রোববার রাতে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪টি ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ভিক্টোরিয়া এলাকায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামানের সমর্থকদের সঙ্গে বিরোধী পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পৌর এলাকার ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে দত্তবাড়ী মোড় পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪টি ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ইউসুফ (২০), মুন্না (২১), রশিদ (২০), স্বপন (২২), শহীদ (২০) ও রশিদুলকে (১৯) আটক করে।প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে জেলা কমিটির নেতাদের সঙ্গে বিদ্রোহী পক্ষের দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে থানার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।প্রসঙ্গত, গত শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। আরাফাত রহমানকে সভাপতি ও মণ্ডল মো. শামীম রেজাকে সাধারণ সম্পাদক করে কলেজ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ছাত্রলীগের যোগ্যতাসম্পন্ন নেতারা বাদ পড়েছেন—এমন অভিযোগে জেলা ছাত্রলীগের একটি অংশ দত্তবাড়ী এলাকার সাদীর নেতৃত্বে ওই কমিটি বাতিলের দাবি জানায়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত শনিবার রাতে প্রথম দফায় উভয় পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছিলেন।