সিরাজগঞ্জে ছাত্রলীগের হামলায় ৩ বিএনপি নেতা আহত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে শ্রমিক দলের পরিচিতি অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শনিবার সকালে বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হাসান (৪৫), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান ওরফে বাবলু (৪২) ও শ্রমিক দলের সেক্রেটারি আবদুল্লাহ হেল কাফি ওরফে খোকন (৩৮) আহত হয়েছেন। আহত তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর। বিএনপি দলীয় সূত্র ও কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা প্রথম আলোকে বলেছেন, কাজিপুর উপজেলা শ্রমিক দলের পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে সোনামুখী বাজারে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেয়। পরে শ্রমিক দল অনুষ্ঠান বন্ধ করে উপজেলা শ্রমিক দলের সভাপতি খোকনের বাড়িতে ঘরোয়া বৈঠকে বসে। এ সময় ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী ওই বাড়িতে হামলা চালায়। একইসঙ্গে তারা খোকনের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে বিএনপির সাধারণ সম্পাদক হাসান, শ্রমিক দলের সেক্রেটারি আবদুল্লাহ হেল কাফি খোকন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু আহত হন। সিরাজগঞ্জ সদর আসনের বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সাংসদ রোমানা মাহমুদ ও বিএনপির নেতা-কর্মীরা আহতদের দেখার জন্য হাসপাতালে যান।এ ব্যাপারে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়া ইসলাম প্রথম আলোকে বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা শ্রমিক দলের পরিচিতি অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার পরিকল্পনা করছিল। এটা টের পেয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা একজোট হয়ে তা প্রতিহত করেছে।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় হামলা ও ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেননি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।