সিরাজগঞ্জে ছাদ ধসে নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দিতে নির্মাণাধীন শ্যামলী সিএনজি ফিলিং স্টেশনের ছাদ ধসে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আশঙ্কা করছেন, ধসে পড়া ছাদের নিচে আরও কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে শ্যামলী সিএনজি ফিলিং স্টেশনের নির্মাণাধীন ঢালাই করা ছাদ ধসে পড়ে। এতে কর্মরত শ্রমিকেরা ছাদের নিচে চাপা পড়েন। এ ঘটনায় রাসেল নামের একজন নির্মাণশ্রমিক নিহত ও চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল উদ্ধার তত্পরতা শুরু করেছে। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।