সিরাজগঞ্জে জামায়াতের সঙ্গে সংঘর্ষে ৭ পুলিশ আহত
সিরাজগঞ্জের সলঙ্গায় আজ বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্য আহত ও দুজন জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।সলঙ্গায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সমবায় পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা সলঙ্গায় মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন। এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পিকআপ ভ্যান গেলে জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদ আহমেদ ও আরও দুজন পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হন।খবর পেয়ে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাদের ওপরও হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা, একজন উপপরিদর্শক ও দুজন পুলিশ সদস্যসহ মোট চারজন পুলিশ সদস্য আহত হন।পরে দুই থানার পুলিশ একজোট হয়ে জামায়াতের নেতা-কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে তাঁরা পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ফরিদ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ দুজনসহ জামায়াতের সাতজনকে আটক করে। এ ছাড়া গতকাল রাতে পুলিশ নলকা ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলে শিবিরনেতা মনিরুল ইসলামকে আটক করেছে।