সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি নামক এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আবুল কালাম (৪০) ও যাত্রী একই গ্রামের রেজাউল ইসলাম (৩৫)।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক আবুল কালাম বনবাড়িয়া থেকে কড্ডার মোড়ের উদ্দেশে রওনা হন। কোনাগাতি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে আবুল কালাম ও রেজাউল নিহত হন। গুরুতর আহত অজ্ঞাত অপর যাত্রীকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত তিনজনের মধ্যে দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।