সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শেফালী খাতুন (৩২), তাঁর দেবর উজ্জ্বল মিয়া (২৮), দেবরের স্ত্রী লাকী খাতুন (২৪), তাঁদের ১১ মাস বয়সী শিশু সুরাইয়া, বাবু মিয়া (২৫), আমিনুল ইসলাম (৪০) ও অটোরিকশাচালক রিপন আলী (২৫)। দুর্ঘটনার পরে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দারুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক ঘুরকা বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।