সিরাজগঞ্জে ট্রাক উল্টে নিহত ২
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আজ শনিবার ভোরে আমবোঝাই ট্রাক উল্টে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন বিষ্ণুপদ মণ্ডল (৭৭) ও জেল হক (৩৫)। বিষ্ণুপদর বাড়ি শাহজাদপুর উপজেলায় ও জেল হকের বাড়ি বেলকুচি উপজেলায়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে আমবোঝাই একটি ট্রাক রাজশাহী থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। তাড়াশের মহিষলুটি এলাকায় পৌঁছার পর ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে বসা বিষ্ণু ও জেল হক ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাঁদের একই হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।